হরতালে বোমায় আহত অন্তু বড়ুয়াকে ঢাকায় আনা হচ্ছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৮ মার্চ চট্টগ্রামে বিরোধী দলের ডাকা হরতালের সময় বোমা বিস্ফোরণে ডান চোখে আঘাত প্রাপ্ত অন্তু বড়ুয়ার চিকিত্সার দায়িত্ব নিয়েছেন। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি (মিডিয়া) মাহবুবুল হক শাকিল গতকাল রবিবার জানিয়েছেন, ঘটনার পরপরই চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ওই মেয়েটির (অন্তু বড়ুয়া) অস্ত্রোপচার করা হয়। কিন্তু আরো উন্নত চিকিত্সার জন্য তাকে রাজধানীতে আনা হচ্ছে। অন্তুকে রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হবে। প্রয়োজনে উন্নত চিকিত্সার জন্য তাকে বিদেশে পাঠানো হবে বলে শাকিল জানান। উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিরোধী দল আহূত দু’দিনের হরতালের দ্বিতীয় দিন চট্টগ্রামে পিকেটারদের নিক্ষিপ্ত বোমা নবম শ্রেণীর ছাত্রী অন্তুর ডান চোখে আঘাত হানে। চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন মোমিন রোড দিয়ে যাওয়ার সময় বোমার স্প্রিন্টার চোখে লাগায় অপর্ণাচরণ সিটি কর্পোরেশন গার্লস হাই স্কুলের ছাত্রী অন্তু বড়ুয়া (১৪) আহত হয়। এই সময় সে তার মাকে সাথে নিয়ে একটি কোচিং সেন্টারে যাচ্ছিল।