চূড়ান্ত লাইসেন্সের জন্য এনআরবি গ্লোবাল ব্যাংকের আবেদন
প্রকাশ : ০১ এপ্রিল ২০১৩, ১৯:৪১
ব্যবসায়িক কার্যক্রম শুরু করার প্রাথমিক অনুমোদন চেয়ে বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করেছে প্রবাসী উদ্যোক্তাদের ব্যাংক এনআরবি গ্লোবাল। বর্তমান সরকারের সময়ে অনুমোদন পাওয়া ৯টি নতুন ব্যাংকের মধ্যে এটি সব শেষে আবেদন করল। আবেদন করা অন্য ব্যাংকগুলো মধ্যে কয়েকটি ইতিমধ্যে সকল আনুষ্ঠানিকতা শেষ করে দু’-এক দিনের মধ্যে ব্যবসায়িক কার্যক্রম শুরু করবে বলে ঘোষণা দিয়েছে।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, এনআরবি গ্লোবাল ব্যাংকের উদ্যোক্তা হিসেবে রয়েছেন ২৫ জন প্রবাসী। ৪২৫ কোটি টাকার পরিশোধিত মূলধন নিয়ে কার্যক্রম শুরু করবে বলে আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে। ট্রেড ব্যালান্স ইউএসএ করপোরেশনের প্রেসিডেন্ট নিজাম চৌধুরী এ ব্যাংকের মূল উদ্যোক্তা। আবেদনে ব্যাংকের চেয়ারম্যান হিসেবে তার নাম প্রস্তাব করা হয়েছে।
সূত্রমতে, গত বছরের ৪ এপ্রিল প্রথমে প্রবাসী উদ্যোক্তাদের অর্থায়নে তিনটি এবং ৮ এপ্রিল দ্বিতীয় দফায় দেশীয় উদ্যোক্তাদের অর্থায়নে ৬টি ব্যাংক স্থাপনের প্রাথমিক অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। এরপর ওই বছরের ১৭ এপ্রিল এসব ব্যাংককে ৬ মাসের মধ্যে ব্যবসায়িক কার্যক্রম শুরুর উপযুক্ততা অর্জনের কথা বলা হয়। সে অনুযায়ী গত ১৬ অক্টোবর চূড়ান্তভাবে ব্যবসায়িক কার্যক্রম শুরুর আবেদন করার শেষ দিন ছিল। তবে নির্ধারিত সময়ে প্রয়োজনীয় মূলধন যোগাড় না হওয়ায় বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে অতিরিক্ত সময় নেয় এনআরবি গ্লোবাল ব্যাংক। অতিরিক্ত সময়ের শেষ দিনে গত রবিবার আবেদন করে প্রস্তাবিত এ ব্যাংক।
কার্যক্রম শুরুর উপযুক্ততা অর্জনের জন্য বাংলাদেশ ব্যাংক ৩০টি শর্ত দিয়েছে বাংলাদেশ ব্যাংক। চূড়ান্ত অনুমোদনের জন্য আবেদন আসার পর এসব শর্ত আবার যাচাই করা হবে। এজন্য বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগে আলাদা একটি টিম কাজ করছে। আবেদনপত্র যাচাই-বাছাইয়ের পর বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ মেমোরেন্ডাম দিলে কোম্পানি গঠনের জন্য রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানি এন্ড ফার্মসে (আরজেএসসি) আবেদন করতে হবে। এর পরেই বাংলাদেশ ব্যাংক প্রস্তাবিত ব্যাংকগুলোর লাইসেন্স ইস্যু করবে। এদিকে সকল আনুষ্ঠানিকতা শেষ করে ব্যবসায়ীক কার্যক্রম শুরুর উদ্দেশ্যে আজ মঙ্গলবার উদ্বোধন হচ্ছে এনআরবি কমার্শিয়াল ব্যাংক। আর আগামীকাল উদ্বোধন হবে সাউথবাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক। এছাড়া বাকিগুলোর কার্যক্রম শিগগিরই শুরু হবে বলে জানা গেছে।