শাকিব খানের ‘ফুল অ্যান্ড ফাইনাল’

শাকিব খানের হাতে নতুন কোনো ছবি নেই আপাতত। কারণ ডিজিটাল যুগের এই ভরা মৌসুমে নতুন পরিচালকেরা কেউই শাকিব খানকে নিয়ে আগ্রহী নন। এরপর পাশাপাশি তার একক কর্তৃত্বও নেই আর ছবি বাজারে। পাশাপাশি তার শিডিউল নেওয়ার পর যে ধরনের ঝক্কি পোহাতে হয় সেই ঝুঁকি নিতে নারাজ নতুন প্রজন্মের পরিচালকেরা। বর্তমানে মালেক আফসারী পরিচালিত ‘ফুল অ্যান্ড ফাইনাল’ ছবিটি শিল্পীর ছবির নামের মতোই সর্বশেষ ছবি। গণমাধ্যমকে তিনি যদিও বলছেন আপাতত কোনো ছবি তিনি হাতে নেবেন না। কিন্তু আদপে তার হাতে কোনো ধরনের ছবির অফারও নেই। এদিকে ছবির বাজার পড়তির দিকে বলে শাকিব এখন বিভিন্ন কর্পোরেট বিজ্ঞাপনী সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নাম লেখাচ্ছেন। সর্বশেষ একটি বহুজাতিক কোম্পানির বিজ্ঞাপনের কাজ অনন্ত ফিরিয়ে দিলেও অনন্তর প্রস্তাবিত বাজেটের প্রায় অর্ধেক পারিশ্রমিকে তিনি চুক্তিবদ্ধ হন। এই অবস্থায় যারা তাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিচ্ছেন তারাও অনেকটা সংশয়ে রয়েছেন বলে শোনা যায়। আর ছবি পাড়ার এই গুঞ্জনে এখন অনেকেই বলছেন শাকিব খানের এখনকার তরুণ চিত্রপরিচালকদের সাথে বসা উচিত। তাদের সাথে তাল মিলিয়ে ভালো কিছু ছবি করা উচিত। শাকিব খান তার বক্তব্যে বলেছেন, ‘এ সবই আমার নামে গুজব। আমি আপাতত সিদ্ধান্ত নিয়েছি মালেক আফসারীর এই ছবিটির কাজ শেষ না হওয়া পর্যন্ত আমি নতুন কোনো ছবিতে কাজ শুরু করব না।’ তাই ধারাবাহিক খামখেয়ালিতে আপাতত শাকিবের এটিই সর্বশেষ ছবি ‘ফুল অ্যান্ড ফাইনাল’। দেখা যাক, সামনের দিনগুলোতে নিজের ক্যারিয়ারের কথা ভেবে শাকিব কী সিদ্ধান্ত নেন।