মরিশাসে আকস্মিক বন্যায় নিহত ১০, রাষ্ট্রীয় শোক

ভারত মহাসাগরীয় দ্বীপদেশ মরিশাসে আকম্মিক বন্যায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। প্রবল বৃষ্টিতে সৃষ্ট এই বন্যা আরো বাড়তে পারে। রবিবার দেশটির কর্মকর্তা ও আবহাওয়া দপ্তর থেকে এসব কথা জানানো হয়েছে। নিহতদের অধিকাংশই একটি আন্ডারপাসে আটকা পরে পানিতে ডুবে মারা গেছে। শনিবার ঘটনার সময় তারা ওই আন্ডারপাসটি দিয়ে লুইস বন্দরের বাণিজ্যিক এলাকায় অবস্থিত কাউদান ওয়াটারফ্রন্ট এর দিকে যাচ্ছিলেন। রবিবার দেশটির প্রধানমন্ত্রী নবিনচন্দ্র রামগোলাম জানিয়েছেন, লুইস বন্দর এলাকায় মাত্র দুই ঘন্টায় ১শ’ ৫২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তিনি বলেন, “প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট পানির তোড়ে অনেক প্রাণের শোচনীয় মৃত্যু হয়েছে। এতে ব্যাপক সম্পদহানিও হয়েছে।” প্রাণহানির ঘটনায় সোমবার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন তিনি। মরিশাসের আবহাওয়া দপ্তর জানিয়েছে, রোববার রাতেও বজ্রসহ বৃষ্টিপাত হবে এবং তা সোমবার পর্যন্ত চলবে বলে ধারণা করা হচ্ছে। এতে আরো বন্যা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।