‘উস্কানি’র বিরুদ্ধে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিল দক্ষিণ কোরিয়া
প্রকাশ : ০১ এপ্রিল ২০১৩, ২০:৪৭
উত্তর কোরিয়ার ‘যুদ্ধাবস্থা’ ঘোষণার পরিপ্রেক্ষিতে ‘কঠোর প্রতিশোধ’ নেয়ার ঘোষণা দিলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। সোমবার দেশটির প্রেসিডেন্ট জানিয়েছেন, এক্ষেত্রে তিনি কোনো রাজনৈতিক বিবেচনাকে আমলে নেবেন না। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ও অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট পার্ক জিয়ুন হাই একথা বলেন।
তিনি বলেন, “দক্ষিণ কোরিয়া এবং জনগণের বিরুদ্ধে যেকোনো উস্কানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধেই রাজনৈতিক কোনো বিবেচনা ব্যতিরেকেই কঠোরভাবে লড়াইয়ের মাধ্যমেই তার জবাব দেয়া হবে। এর আগে পরমাণু অস্ত্র পরীক্ষার পর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে শনিবার দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে তুমুল বাদানুবাদে জড়িয়ে পড়ে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে “যুদ্ধাবস্থায়” প্রবেশ করছে বলে ঘোষণা করেছে দেশটি। এক বিবৃতিতে দেশটির পক্ষ থেকে জানানো হয় , “এখন থেকে, উত্তর-দক্ষিণের সম্পর্ক যুদ্ধাবস্থায় প্রবেশ করবে এবং এরপর থেকে উত্তর এবং দক্ষিণের মধ্যে উদ্ভূত যে কোনো ইস্যু এর আলোকে পরিচালনা করা হবে।”
মার্চের প্রথম থেকে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী নিয়মিত যৌথ সামরিক মহড়া শুরু করার পর থেকে প্রায় প্রতিদিন দেশ দুটির সামরিক স্থাপনাগুলোয় হামলার হুমকি দিচ্ছে উত্তর কোরিয়া। হুমকির পাশাপাশি সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্কাবস্থায়ও রেখেছে। ১৯৫০-৫৩ সালের কোরীয় যুদ্ধ কোনো শান্তিচুক্তি ছাড়াই শুধুমাত্র অস্ত্র বিরতির মাধ্যমে স্থগিত করা হয়েছিল, তাই পরোক্ষভাবে দুই কোরিয়া সবসময় যুদ্ধাবস্থায়ই আছে। তবে ঐ সমঝোতা এখন আর কার্যকর নয় বলে মার্চের প্রথমদিকে ঘোষণা করেছে উত্তর কোরিয়া। কনজারভেটিভ দলের হয়ে নির্বাচনী প্রচারণার সময় দেশটির নব নির্বাচিত প্রেসিডেন্ট পার্ক উত্তর কোরিয়ার সাথে সম্পর্ক জোরদার করার কথা ব্যক্ত করেছিলেন। কিন্তু উত্তর কোরিয়া তৃতীয়বারের মত পরমাণু পরীক্ষা চালানোর পর তিনি দেশটির বিষয়ে আরো বেশি শক্ত অবস্থান গ্রহণ করেন।