সোনাতলায় বাঙালি নদীর বুক এখন ফসলের মাঠ
সোনাতলা (বগুড়া) সংবাদদাতা
প্রকাশ : ০১ এপ্রিল ২০১৩, ২১:১২
যে বাঙালি নদীর বুকে এখন পানি থাকার কথা, সেই নদীর বুক এখন ফসলের মাঠ। নানা রকমের ফসলের চাষ করেছে কৃষক। রাখালেরা গরু-ছাগল চারণ করে।
উপজেলা সদর থেকে প্রায় ৩ কিঃমিঃ পূর্ব দিকে অবস্থিত বাঙালি নদী। নদীটি উত্তরে সাঘাটা উপজেলা এলাকা থেকে বয়ে চলে দক্ষিণে সারিয়াকান্দি উপজেলায় বাঙালি নদীর সাথে মিলিত হয়েছে। বিশাল এবং ঐতিহ্যবাহী এই নদীতে এক সময় সারা বছর পানি থাকত। আর এই নদীতে মাঝিরা গান গেয়ে পালতোলা নৌকা বাইয়ে যেত। জেলেরা জাল দিয়ে মাছ ধরত। কৃষকেরা নদী থেকে পানি তুলে নদী তীরবর্তী জমিগুলোতে সেচ দিত। এদিকে নদীর পানিতে দেখা যেত মাছরাঙাসহ নানা প্রজাতির পাখি। কালের বিবর্তনে এসব আর কিছুই দেখা যায় না।
বিগত কয়েক বছর ধরে ভয়াবহ ভাঙ্গনের ফলে নদীর বুক বালুমাটিতে ভরাট হয়ে গেছে। এতে সৃষ্টি হয়েছে ফসলি জমি। বর্ষার পর পানি শুকিয়ে গেলে কৃষক নদীর বুকে ফলায় বোরো ধান, গম, মরিচ, ভুট্টা, বাদাম, ডাল, কাউন প্রভৃতি ফসল। নদীর বুকে এখনও কিছু কিছু জায়গায় পানি দেখা গেলেও আড়িয়ারঘাট, সাতবেকী, রানীরপাড়া, নামাজখালী, সোনাকানিয়া ও শিচারপাড়াসহ অন্যান্য স্থানে গেলে দেখা যাবে নানা প্রকার ফসল।