তালায় বিএনপির কার্যক্রম ঝিমিয়ে পড়েছে
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা
প্রকাশ : ০১ এপ্রিল ২০১৩, ২১:১৫
নেতৃত্ব সংকট ও নেতা-কর্মীদের মূল্যায়ন না করায় সাতক্ষীরার তালা উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম ঝিমিয়ে পড়েছে। গত সাড়ে চার বছরে মিছিল, সভা ও সমাবেশ করতে দেখা যায়নি দলটির নেতা-কর্মীদের। তবে ২০১২ সালের শেষদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের সাতক্ষীরার সফরকে কেন্দ্র করে দল কিছুটা উজ্জীবিত হয়। কিন্তু কিছুদিন পরই তা আবারও ঝিমিয়ে পড়ে।
তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা বলেন, যারা বিভিন্ন আন্দোলন সংগ্রামে রাজপথে থাকেন দলের সিনিয়র নেতারা তাদের মূল্যায়ন করেন না। ক্ষমতায় গেলে তারা ত্যাগী নেতাদের চেনেন না। নেতারা আমাদের কথা ভুলে যান। এ কারণে কেন্দ্রের কোন কর্মসূচি তালায় পালন করা হচ্ছে না। ঘরোয়াভাবে তারা রাজনীতি করছেন। তবে ওই বক্তব্য অস্বীকার করেছেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়। তিনি বলেন, “পরিস্থিতি অনুকূলে না থাকায় কোন কর্মসূচি পালন করা হচ্ছে না। তবে উপশহরে না হলেও উপজেলার বিভিন্ন স্থানে দলীয় কর্মসূচি পালন করা হচ্ছে। এখানে নেতৃবৃন্দের মধ্যে কোন কোন্দল নেই”। সর্বশেষ ২০১০ সালে দলের উপজেলা কমিটি গঠন করা হয়। এতে মৃণাল কান্তি রায় সভাপতি, উপাধ্যক্ষ শফিকুল ইসলাম সাধারণ সম্পাদক ও বদরুজ্জামান মোড়লকে সাংগঠনিক সম্পাদক করে ১৭১ সদস্য কমিটি গঠন করা হয়।
উপজেলা ছাত্রদলের আহবায়ক সাইদুর রহমান সাইদ বলেন, কেন্দ্রের ডাকা কোন কর্মসূচি তালায় পালন হচ্ছে না। গত সাড়ে চার বছরে তালায় কোন কর্মসূচি পালন করা হয়নি। নেতৃত্ব সংকটের কারণে কেন্দ্রের কোন কর্মসূচি পালন করা যাচ্ছে না। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মির্জা আতিয়ার রহমান জানান, দলীয় মিটিং-এ কেন্দ্রের কর্মসূচি পালন করা নিয়ে সভাপতি-সম্পাদককে বলা হলেও তারা কর্ণপাত করেন না। আমাদের নেতাদের মধ্যে সমস্যা আছে। তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শফিকুল ইসলাম বলেন, দলের মধ্যে কোন কোন্দল নেই। কে কি বললো সেটি কোন বিষয় না, একত্রিতভাবেই আন্দোলন করতে হবে।