গোপালগঞ্জ জেলায় ১১ মৌজা অর্পিত সম্পত্তিতে তালিকাভুক্ত

গোপালগঞ্জ জেলায় টুঠামান্দ্রাসহ ১১টি মৌজার সমস্ত সম্পত্তি অর্পিত সম্পত্তির তালিকাভুক্ত হওয়ায় এলাকার মানুষ ফুঁসে উঠেছে। ক্ষতিগ্রস্তরা আগামী ১৫ দিনের মধ্যে এ সমস্যার সমাধান করা না হলে আমরণ অনশন অথবা সড়ক অবরোধের আল্টিমেটাম দিয়েছেন। রবিবার সর্বদলীয় হিন্দু ঐক্য নামে একটি সংগঠনের উদ্যোগে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষালকান্দি মাঠে ক্ষতিগ্রস্ত ১৪ হাজার মানুষ জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশ করে এ আল্টিমেটাম দেন। সাহাপুর ইউপি আওয়ামী লীগের সহ-সভাপতি খগেন্দ্রনাথ ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে সরকারি নজরুল কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শুকদেব বিশ্বাস, হিন্দু কমিউনিটি নেতা বীরেন মৈত্র, দিলীপ কুমার বিশ্বাস, বিধূর কান্তি বিশ্বাস, শিক্ষক পঞ্চানন বিশ্বাসসহ আরো অনেকে বক্তব্য রাখেন। সাহাপুর ইউপি আওয়ামী লীগের সহ-সভাপতি খগেন্দ্রনাথ ভৌমিক বলেন, ’৯৬ সাল পর্যন্ত আমাদের জমির খাজনা পরিশোধ রয়েছে। এ এলাকার অনেকেই সরকারি চাকরি করেন। হাল রেকর্ড আমাদের নামে হয়েছে। যারা ভারতে রয়েছে তাদের সম্পত্তি ভিপি হতে পারে। কিন্তু আমাদেরটা কেন হবে। এসব মৌজার তহসিলদাররা ১১টি মৌজার সব সম্পত্তি কিভাবে ভিপি করেছেন তা আমাদের বোধগম্য নয়। আমাদের সম্পত্তি ভিপি করে হয়রানি করা হচ্ছে। তাই আগামী ১৫ দিনের মধ্যে দায়ী তহসিলদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও তদন্ত বোর্ড গঠন করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আমাদের সম্পত্তি ভিপি থেকে অবমুক্ত করতে হবে। অন্যথায় আমরা আমরণ অনশন অথবা সড়ক অবরোধের কর্মসূচি দেব। সরকারি নজরুল কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শুকদেব বিশ্বাস বলেন, অর্পিত সম্পত্তিতে মামলা নয়। সম্পূর্ণ অবমুক্ত করতে হবে এটাই আমাদের দাবি।