রাঙ্গুনিয়ার শিলক খালে দ্বিতীয় রাবার ড্যাম

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার শিলক খালের উপর হচ্ছে দ্বিতীয় রাবার ড্যাম। উপজেলার দক্ষিণ রাঙ্গুনিয়ার নাপিত পুকুরিয়া এলাকায় শিলক খালের উপর শুক্রবার এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পরিবেশ ও বনমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। নতুন রাবার ড্যাম প্রকল্পটি চালু হলে এলাকার পশ্চাত্পদ নাপিত পুকুরিয়া, দুধ পুকুরিয়া, ফলহারিয়া, সুখবিলাশ এলাকার প্রায় ৫ হাজার হেক্টর জমি দু’ফসলা চাষাবাদের আওতায় আসবে। প্রকল্পটি বাস্তবায়ন ব্যয় হবে ৯ কোটি টাকা। এতে প্রতি মৌসুমে রাঙ্গুনিয়া থেকে অতিরিক্ত ৪শ’৫০ কোটি টাকার অতিরিক্ত খাদ্য শস্য উত্পাদন হবে। অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি সমপ্রসার্ণ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খলিলুর রহমান জানান, শিলক খালের ৬ কিলোমিটার উজানে এবং ১৫ কিলোমিটার ভাটিতে সকল জমি এই রাবার ড্যামের অধীনে চাষাবাদের আওতায় আসবে। অন্যান্যের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী খলিলুর রহমান, তত্ত্বাবধায় প্রকৌশলী প্রবেশ চন্দ্র বড়ুয়া, নির্বাহী প্রকৌশলী বাবুল কান্তি লোদ, রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আযম সিদ্দিকী, পদুয়া ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন সেলিম, পরিবেশ ও বনমন্ত্রীর বিশেষ সহকারী এনায়েতুর রহিম প্রমুখ।