ঝিনাইদহে শিবিরের তিনটি কোচিং সেন্টার পুড়িয়ে দিয়েছে ছাত্রলীগ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের তাণ্ডবের প্রতিবাদে রবিবার রাতে ঝিনাইদহে শিবির পরিচালিত তিনটি কোচিং সেন্টার পুড়িয়ে দিয়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা। সন্ধ্যার আগে ছাত্রশিবির শহরে মিছিল বের করে তাণ্ডব চালায়। এ তাণ্ডবের পর রাতে ছাত্রলীগ শহরে মিছিল বের করে। মিছিল থেকে ছাত্রলীগ নেতাকর্মীরা রাত সাড়ে ৭টার দিকে প্যারামাউন্ট, সাকসেস ও ফেমাস কোচিং সেন্টারে আগুন লাগিয়ে সম্পূর্ণ জ্বালিয়ে দেয়। তারা দি ইন্ডিপেনডেন্ট পত্রিকার জেলা প্রতিনিধি নাসির আনসারীর বাড়ি ভাড়া নিয়ে কোচিং সেন্টার খুলেছিল। আগুন মালিকের বাড়িসহ পার্শ্ববর্তী বাড়িঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে একঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।