সংবাদ সংক্ষেপ
প্রকাশ : ০১ এপ্রিল ২০১৩, ২১:২০
সোনাতলা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধন
সোনাতলা (বগুড়া) সংবাদদাতা\ গত রবিবার দুপুরে সোনাতলা মডেল উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান ফলক উন্মোচনের মাধ্যমে নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন করেন। এ উপলক্ষে বিদ্যালয় মাঠে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এমপি পত্নী সভাপতি সাহাদারা মান্নানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার মন্ডল, আওয়ামী লীগ নেতা নুরুল আনোয়ার বাদশা, মাহবুবুল আলম বুলু, ছামছুল হক মাস্টার, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য সালাহউদ্দিন মানু প্রমুখ।
কাশিমপুর ইউনিয়নকে আট ওয়ার্ডে ভাগের দাবিতে মানববন্ধন
গাজীপুর প্রতিনিধি \ গাজীপুর সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত সাবেক কাশিমপুর ইউনিয়নকে ৮টি ওয়ার্ডে বিভক্তিকরণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। গাজীপুর জেলা প্রশাসন কর্তৃক প্রস্তাবিত ওয়ার্ড বিভক্তিকরণে কাশিমপুর ইউনিয়নকে ৬ ওয়ার্ডে বিভক্তি করা হয়েছে। পূর্বে ইউনিয়ন থাকাবস্থায় ওয়ার্ড ছিল ৯টি। বর্তমানে উক্ত এলাকায় প্রস্তাবিত ৬টি ওয়ার্ডে বিভক্তিকরণের প্রতিবাদে এবং ৮টি ওয়ার্ডে বিভক্তিকরণের দাবিতে গত রবিবার দুপুরে এলাকাবাসীর পক্ষ থেকে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়।
ভৈরবে ব্যতিক্রমী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
ভৈরব সংবাদদাতা \ গত রবিবার ভৈরব এমপি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ৫১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। সকালে বিদ্যালয় মাঠে শান্তির পায়রা উড়িয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া।
শিবগঞ্জে ১০ বাড়ি আগুনে পুড়ে ভস্মীভূত
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা\ গত রবিবার দুপুরে উপজেলার দুর্লভপুর ইউনিয়নাধীন মনোহরপুর গ্রামে কাড়ির পালায় বিড়ির মুড়া থেকে আগুনের সূত্রপাতে মৃত খোশমোহাম্মদের ছেলে সোহবুল হাজী ও তার ৪ ছেলে ও এরশাদের ছেলে হযরত আলীর ও তার ৩ ছেলের বাড়িসহ মোট ১০টি বাড়ি পুড়ে ভস্মীভূত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা।
এফবিসিসিআইয়ের পরিচালক টিটুকে সংবর্ধনা
মানিকগঞ্জ প্রতিনিধি\ এফবিসিসিআইয়ের নবনির্বাচিত পরিচালক তাবারাকুল তোসাদ্দেক হোসেন খান টিটুকে সংবর্ধনা দিয়েছে ডায়মন্ড ফ্রেন্ডস ক্লাব মানিকগঞ্জ। শনিবার রাত ৯টায় শহরের শহীদ রফিক সড়কে অবস্থিত ক্লাব চত্বরে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় অন্যান্যের মধ্যে এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক মাহাবুব ইসলাম রুনু, ক্লাবের সহ-সভাপতি বুলবুল হোসেন, সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক শফিউল্লাহসহ ক্লাবের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
কড়ইতলায় ইসলামী সম্মেলন অনুষ্ঠিত
গোপালদীবাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা\ আড়াইহাজার উপজেলার কড়ইতলা ফকিরবাড়ী যুবসমাজের উদ্যোগে শনিবার রাতে ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মাসুমবিল্লাহর সভাপতিত্বে ওয়াজ করেন মাওলানা খাইরুল ইসলাম আড়াইহাজারী, মাওলানা শফিকুল ইসলাম ও হাফেজ ্ইউসুফ ফকির প্রমুখ।
শ্রীপুরে মহিলা কলেজে বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান
শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা\ গাজীপুর জেলার ডিগ্রী মহিলা কলেজ তথা শ্রীপুরস্থ মিজানুর রহমান খান ডিগ্রী মহিলা কলেজে শনিবার ও রবিবার দু’দিনব্যাপী বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শনিবার চলতি বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও প্রতিষ্ঠাতা, আজীবন দাতা সদস্যদের সম্মাননা ক্রেস্ট, সনদ প্রদান করা হয়। কলেজের অধ্যক্ষ ফকির মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব এডভোকেট জামিল হাসান দুর্জয়।
দুর্গাসাগরে ভোকেশনাল শিক্ষক সমিতির বার্ষিক বনভোজন
বানারীপাড়া সংবাদদাতা\ বাংলাদেশ শিক্ষক সমিতি ভোকেশনালের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার মাধবপাশার দুর্গাসাগরে বরিশাল বিভাগীয় কমিটির উদ্যোগে ও জেলা কমিটির ব্যবস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মো. শওকত আলী, অর্থ সম্পাদক মাহমুদুর রহমান, বিভাগীয় দপ্তর সম্পাদক একেএম জহিরুল আমিন প্রমুখ।
তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন
বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা\ উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে গতকাল সোমবার সকাল থেকে তিনদিনব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে। মেলার উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য ননী গোপাল মণ্ডল। উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তি মণি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, কৃষিবিদ বুদ্ধদেব সেন, প্রাণীসম্পদ কর্মকর্তা বাসনা আক্তার, সুলতান হালদার।
ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের বৃত্তি বিতরণ
জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা\ জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের উদ্যোগে উপজেলার রানীগঞ্জ ও পাইলগাঁও ইউনিয়নের মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে বৃত্তি ও সনদ বিতরণ করা হয়েছে। রবিবার বিকালে রানীগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বৃত্তি বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা। এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান আকীক এফ রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ট্রাস্টের সেক্রেটারী শেখ ইসতাব উদ্দিন আহমদ, সাবেক সেক্রেটারী মুজিবুর রহমান মুজিব, ভাইস চেয়ারম্যান আব্দাল মিয়া, দৈনিক ইত্তেফাক সংবাদদাতা মো. আব্দুল হাই প্রমুখ।
মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড
গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মনসিংহের গৌরীপুরের মাদক ব্যবসায়ী আঃ রহমান পলাশ (৩৫)কে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডাদেশ প্রদান করেছেন আদালত। ময়মনসিংহের জেলা ও দায়রা জজ মো. নুরুল হুদা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার এক রায়ে রবিবার দুপুরে এই আদেশ প্রদান করেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০০৮ সালে ২৭ আগস্ট ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের শাহগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন পরিত্যক্ত ইউনিয়ন বীজাগারে অভিযান চালিয়ে ৫৭ বোতল ফেনসিডিলসহ খান্দার গ্রামের আ. রহমান পলাশকে গ্রেফতার করে।
ভালুকায় বিএনপি’র বিক্ষোভ
ভালুকা সংবাদদাতা\ বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে গুলি , গণহত্যা , দেশব্যাপী বিএনপি’র নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়রানিসহ ভালুকা উপজেলা বিএনপি’র সভাপতি ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর নিঃশর্ত মুক্তির দাবীতে গতকাল সোমবার সকালে ভালুকায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি। উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল হাশেমের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন অধ্যাপক হাদিসুর রহমান হাদিস, আনোয়ার উদ্দিন আহম্মেদ, মজিবর রহমান মজু, গোলজার হোসেন,আজমল হোসেন ফারুক প্রমুখ।
ছাগলনাইয়া পাইলট স্কুলে ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন
ছাগলনাইয়া (ফেনী) সংবাদদাতা\ ছাগলনাইয়া পাইলট হাই স্কুলে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে গত শনিবার সকালে কোরআনখানি মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক আবদুস সালাম সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব নুর আহাম্মদ মজুমদার। বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র মোঃ আলমগীর বিএ, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী আবু আহাম্মদ ভুঁইয়া প্রমুখ।
গৌরীপুরে পিকআপ চাপায় শিশু নিহত
গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে পিকআপ চাপায় অমিত হাসান (৫) নামের এক শিশু মারা গেছে। গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের গঙ্গাশ্রম এলাকায় শনিবার বিকেলে পিকআপ চাপায় শিশুটি গুরুতর আহত হলে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যায় চিকিত্সাধীন অবস্থায় শিশুটি মারা যায়। নিহত শিশুটি গঙ্গাশ্রম গ্রামের শামসুল হকের ছেলে। গৌরীপুর থানার ওসি মোঃ হামিদুল ইসলাম জানান, পিকআপসহ চালক আশরাফুলকে (২৫) আটক করা হয়েছে।
আইনগত সহায়তা প্রদান বিষয়ক কর্মশালা
রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা\ জাতীয় আইন সহায়তা প্রদান সংস্থা নরসিংদী জেলা কমিটি কর্তৃক আয়োজিত “সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান ও তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম’’ বিষয়ক কর্মশালা রবিবার বিকাল ৫টা থেকে রাত ৭টা পর্যন্ত রায়পুরা উপজেলা পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান এড. ইউনূছ আলী ভুঁইয়ার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা জজ ড. মোহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথি ছিলেন নরসিংদী জেলা পরিষদ প্রশাসক এড. আসাদুজ্জামান।
কাঁঠালিয়ায় আইনগত সহায়তা মতবিনিময় সভা
কাঁঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা \ কাঁঠালিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ও এনজিও স্টেপর্স টুয়ার্ডস ডেভেলপমেন্টের উদ্যোগে আইনগত সহায়তা বিষয়ক মতবিনিময় সভা শনিবার উপজেলা পরিষদ সভাকক্ষে। উপজেলা চেয়ারম্যান মোঃ ফারুক সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন জেলা দায়রা জজ ও জাতীয় আইনগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান মোঃ শহিদুল্লাহ বকাউল।
সুন্দরগঞ্জে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা\ উপজেলায় সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার উপজেলা সম্মেলন কক্ষে ইউএনও আহসান হাবিবের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সভাপতি মঞ্জুরুল ইসলাম লিটন, মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা বেগম কাকলী, আ’লীগ সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আহাম্মেদ, নারী নেত্রী বেলা রানী, আ’লীগ মহিলা বিষয়ক সম্পাদক খুরশিদ জাহান স্মৃতি, পুলিশ পরিদর্শক (তদন্ত) জালাল উদ্দিন প্রমুখ।
খাগড়াছড়িতে পার্বত্য কল্যাণ সংস্থার মানববন্ধন
খাগড়াছড়ি প্রতিনিধি\ সরকার কৃর্তক অবৈধভাবে ৩৭০০ প্রভাবশালী পাহাড়ী পরিবারকে ভূমি বন্দোবস্ত দেয়ার কার্যক্রম বন্ধ, সকল ধরনের উন্নয়নমূলক প্রকল্প এবং চাকুরির কৌটা জনসংখ্যার সংখ্যানুপাতে যুক্তিযুক্তভাবে বন্টন না করে বৈষম্য সৃষ্টি করাসহ এ ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের হোতা হিসেবে পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা ও খাগড়াছড়ির জেলা প্রশাসক মাসুদ করিমের অপসারণের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পার্বত্য কল্যাণ সংস্থা। গত রবিবার খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ছাতকে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা
ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা\ ছাতকের চেচান-বাউর গ্রামে মুক্তিযোদ্ধা নুরুল হক স্মৃতি পাঠাগারের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি এড. শাহাবউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা প্রশাসক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন। বক্তব্য রাখেন পাঠাগারের উপদেষ্টা মুক্তিযোদ্ধা নুরুল আমীন, ছাতক সমিতি সিলেটের সাধারণ সম্পাদক আফজাল হোসেন, দক্ষিণ খুরমা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মছব্বির, মুক্তিযোদ্ধা ফখরউদ্দিন লালু, ওয়াছির আলী, আবু বক্কর সিদ্দিক প্রমুখ।
মহেশপুরে যুব প্রশিক্ষণ সমাপ্ত
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা\ মহেশপুরে যুব উন্নয়ন অধিদপ্তরের সপ্তাহব্যাপী যুব প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। উপজেলার রামচন্দ্রপুর গ্রামে যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ময়জদ্দিন হামীদ, মানবাধিকার কর্মী ও মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আঃ রহমান, বিআরডিবি কর্মকর্তা, প্রশিক্ষক ও সাংবাদিক অধীর সরকার। ৩০ জন নারী-পুরুষ উক্ত কর্মশালায় অংশ গ্রহণ করে।
মাগুরার মাছের বাজার ফরমালিনমুক্ত ঘোষণা
মাগুরা প্রতিনিধি \ মাগুরা জেলার সব মাছের বাজারকে ফরমালিন মুক্ত ঘোষণা করা হয়েছে। রবিবার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে এ ঘোষণা দেয়া হয়। এ লক্ষ্যে মাগুরার প্রধান মত্স্য বাজারসহ বিভিন্ন বাজারে ফরমালিনমুক্ত বাজার বলে ইতিমধ্যেই সাইনবোর্ড টানানো হয়েছে। শুরু হয়েছে বাজার মনিটরিং। ফরমালিনের ব্যবহার নিয়ন্ত্রণ ও গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা মত্স্য কর্মকর্তা চন্দ্র শেখর মন্ত্রীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাসুদ আহম্মদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাহাত আনোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাছির বাবলু প্রমুখ।
নড়িয়া সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন
শরীয়তপুর প্রতিনিধি\ শরীয়তপুর জেলার নড়িয়া সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি গঠন উপলক্ষে সোমবার সকালে নড়িয়া উপজেলা সদরে উপজেলায় কর্মরত বিভিন্ন সাংবাদিকদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিক ইসমাইল হোসেন স্বপনের সভাপতিত্বে ও সেকান্দার আলম রিন্টুর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন শাওন। সভায় সর্বসম্মতিক্রমে সাংবাদিক ইসমাইল হোসেন স্বপনকে সভাপতি ও সেকান্দার আলম রিন্টুকে সাধারণ সম্পাদক করে নড়িয়া সাংবাদিক ইউনিয়নের ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
মাদক সেবনের অভিযোগে যুবকের কারাদণ্ড
গাইবান্ধা প্রতিনিধি\ গাইবান্ধার সাদুল্লাপুরে মাদক সেবনের অভিযোগে আনারুল হক সরকার (২৫) নামে এক যুবককে ভ্রাম্যমাণ আদালত ৩ মাসের সশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেছে। আনারুল হক উপজেলা সদরের পশ্চিমপাড়ার অবসরপ্রাপ্ত বি.এস নুরুল ইসলামের ছেলে। গতকাল সোমবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মওলা এই দণ্ডাদেশ প্রদান করেন। সাদুল্লাপুর থানার ওসি মজনুর রহমান জানান, গত রবিবার বিকালে উপজেলা সদরের পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে বসে গাঁজা সেবন করার সময় পুলিশ ওই যুবককে গ্রেফতার করে।