রূপগঞ্জে কালবৈশাখী শতাধিক ঘর বিধ্বস্ত
প্রকাশ : ০১ এপ্রিল ২০১৩, ২১:৩১
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গতকাল সোমবার ভোর রাতে বয়ে যাওয়া কালবৈশাখীতে ভুলতা, গোলাকান্দাইল, ভোলাব, কায়েতপাড়া, দাউদপুর, মুড়াপাড়া, কাঞ্চন, তারাবো এলাকায় প্রায় শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ঝড়ে গাছ উপড়ে রাস্তায় পড়ায় গোলাকান্দাইল-বালিয়াপাড়া, ভুলতা-মুড়াপাড়া, রূপগঞ্জ-ইউসুফগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে গাছ কেটে সরানোর পর যান চলাচল স্বাভাবিক হয়। এছাড়া ৯টি বৈদ্যুতিক খুঁটি উপড়ে যাওয়ায় কয়েকটি গ্রাম বিদ্যুত্ বিচ্ছিন্ন রয়েছে। পুরো রূপগঞ্জে দুপুর আড়াইটা পর্যন্ত কোথাও বিদ্যুত্ ছিল না। ঝড়ে ও শিলাবৃষ্টিতে রূপগঞ্জের বিভিন্ন এলাকার গম, বোরো ধান, আম, কাঁঠাল ও সবজির ব্যাপক ক্ষতি হয়। ক্ষতিগ্রস্তরা এখন খোলা আকাশের নিচে বসবাস করছে।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রাশেদ জানান, শিলাবৃষ্টির খবর পেয়ে আমাদের টিম মাঠ পরিদর্শন করেছে। শিলা পড়ে ধানগাছের যে ক্ষতি হয়েছে তা ৩-৪ দিনের মধ্যে প্রাকৃতিকভাবে ঠিক হয়ে যাবে।