কানাডায় তরুণ প্রজন্মের প্রতীকী অনশন

ঢাকার শহীদ রুমী স্কোয়াডের প্রতি সংহতি জানিয়ে প্রতীকী অনশন করলো টরন্টোর তরুণ প্রজন্ম। নগরীর বাংলাপাড়া ড্যানফোর্থস্থ ঘরোয়া রেষ্টুরেন্টের আঙিনায়। শনিবার রাত ১২টা থেকে রবিবার বিকাল ৫টা পর্যন্ত এ অনশনের শেষের দিকে তাদের সাথে যোগ দেন স্থানীয় বাঙালিরা। বাংলাদেশের জাতীয় পতাকা দিয়ে সাজানো তাঁবুর নিচে সন্ধ্যা পর্যন্ত চলে আলোচনা এবং সংগীতানুষ্ঠান। অনশনকারী তরুণরা হলো- অর্ণব, সেঁজুতি, সুদিপ্ত, জিন্নাহ, হাসনাত, দীপু, রায়ান, রকিবুল, শিহাব, নাসিম, ইমতিয়াজ, প্রশান্ত সজীব এবং শিউলি। উল্লেখ্য, টরন্টো বিশ্ববিদ্যালয়, ইয়ার্ক বিশ্ববিদ্যালয়, রায়ার্সন বিশ্ববিদ্যালয়, সেন্টেনিয়াল কলেজ, জর্জব্রাউন কলেজ, সেনেকা কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠন করা হয় প্রজন্ম কানাডা। শাহবাগ আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে প্রতি শনিবার বিকাল ৫টায় টরন্টো নগরীর বাঙালি অধ্যুষিত এলাকা ভিক্টেরিয়া পার্ক এন্ড ড্যানফোর্থে তারা আয়োজন করে আসছে বিক্ষোভ সমাবেশের।