পাকিস্তানের অস্বস্তি বাড়ল
স্পোর্টস ডেস্ক
প্রথমে আয়ারল্যান্ড, এরপর পাকিস্তান। ফরম্যাট যাই হোক না কেন, টানা দুই জয়ে স্বস্তির বাতাস এখন ইংল্যান্ড শিবিরে। অধিনায়ক ইয়ন মরগ্যান মনে করছেন, এই টানা দুই জয়ই প্রমাণ করে বিশ্বকাপের আগে ইংলিশরা পুরোপুরি প্রস্তুত।
মরগ্যান স্কাই স্পোর্টসকে বলেন, ‘বিশ্বকাপের আগে টানা দুই উত্তেজনাকর ম্যাচ জিতলাম। বোঝাই যাচ্ছে আমাদের প্রস্তুতিটা দারুণ হয়েছে। ম্যাচ দুটো থেকে আমরা অনেক কিছু শিখেছি। মাত্র তিন দিনের মধ্যে দুটি জয় সহজ কিছু নয়। সবচেয়ে বড় ব্যাপার হলো—কার্ডিফের এই মাঠে বিশ্বকাপে আমাদের খেলতে হবে। ফলে এই মাঠে কি কি হতে পারে সেটা আমাদের এখন জানা হয়ে গেছে। বোলিং-ব্যাটিং দুটোই আমাদের পরিকল্পনামাফিক হয়েছে।’
ইংল্যান্ডের জোফরা আর্চার ২৯ রানে ২ উইকেট নেন। তবে, বিশ্বকাপের চূড়ান্ত দলে তাঁকে জায়গা দেওয়ার আগে আরেকটু বাজিয়ে দেখতে চান মরগ্যান। বললেন, ‘জোফরা ওর প্রতিভার স্বাক্ষর রেখে চলেছে। ও এখন পর্যন্ত বেশ ভালো করছে। তবে, ওর ব্যাপারে এখনো কিছু বলতে পারছি না। পাকিস্তানের বিপক্ষে সিরিজের পুরোটা সময় ওকে আমরা বাজিয়ে দেখবো।’
সিরিজের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে রবিবার রাতে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। কার্ডিফে টসে জিতে বাবর আজম ও হারিস সোহেলের জোড়া হাফ সেঞ্চুরিতে ২০ ওভারে ৬ উইকেটে ১৭৩ রানের লড়াকু সংগ্রহ পায় পাকিস্তান। জবাবে শুরুটা ভালো না হলেও, ওপেনার জেমস ভিন্স-জো রুটের সঙ্গে অধিনায় ইয়ন মরগ্যানের ব্যাটিং দৃঢ়তায় ৪ বল হাতে রেখেই জয় তুলে নেয় ইংল্যান্ড।
ভিন্স ২৭ বলে ৩৬ ও রুট ৪২ বলে ৪৭ রান করেন। তবে মারমুখী মেজাজে ব্যাট করে দলের জয়ে প্রধান ভূমিকা রাখেন মরগ্যান। ২৯ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় অপরাজিত ৫৭ রান করেন তিনি। ১২ বলে ২০ রানে অপরাজিত ছিলেন জো ডেনলি।
এই হার দিয়ে পাকিস্তানের ব্যর্থতার মিছিল আরো লম্বা হলো। ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর পাকিস্তানের আর বড় কোনো সাফল্য নেই বললেই চলে। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম কন্ডিশনে সিরিজ হারে পাকিস্তান। এবার সেই ব্যর্থতার রেশ থাকল ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শুরুতে। আগামী আট মে থেকে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে ইংল্যান্ড ও পাকিস্তান। সেখানে পাকিস্তানের ভাগ্য না পাল্টালে, বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস পাওয়ার আর কোনো সুযোগ থাকবে না তাদের জন্য।
বিশ্বকাপ শুরু হবে আগামী ৩০ মে। ৩১ মে ট্রেন্ট ব্রিজে পাকিস্তানের প্রথম প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে, বিশ্বকাপে ইংল্যান্ডের প্রথম ম্যাচ আগামী ৩০ মে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।