গোদাগাড়িতে ১১ জনের সঙ্গে প্রতারণা

আদম ব্যাপারীকে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী

রাজশাহীর গোদাগাড়ীতে ওমান পাঠানোর নাম করে ১১ জনের কাছ থেকে ২৪ লাখ ২০ হাজার টাকা হাতিয়ে নেয়ায় আদম ব্যবসায়ীকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল শনিবার গোদাগাড়ী উপজেলা সদর ডাইংপাড়া মোড়ে প্রতারিত ওমান ফেরত গোলাম মোস্তফা প্রতারক ফরজেন আলী (৪৫) কে দেখতে পেয়ে আটক করেন। এ সময় এলাকাবাসী বিষয়টি জানতে পেরে ফরজেন আলীকে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করে। বিদেশ ফেরত রবিউল বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার বাথান পাড়া চর বাগডাঙ্গা গ্রামের ফরজেন আলী ওমান পাঠানোর নাম করে দেড় বছর আগে ১১ জনের কাছ থেকে ২ লাখ ২০ হাজার টাকা করে ২৪ লক্ষাধিক টাকা নিয়ে ওমান পাঠান। তারা ওমান বিমানবন্দরে নামার পর ফরজেনের পরিচিতি এক বাঙালি দালাল তাদের গ্রহণ করে নিয়ে একটি ছোট ঘরে থাকতে দেয়। এরপর ওই দালাল আর দেখাও করতে আসেনি। তারা ১১ জন বারবার যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন। পরে ফরজেনের সাথে যোগাযোগ করলে ফরজেন আলী বিষয়টি দেখছি বলে সটকে পড়ে। পরে ১০ জন দীর্ঘ ১ মাস ২৫ দিন পর বাংলাদেশে ফেরত চলে আসেন। বাকি ১ জন কাজের সন্ধানে চলে যায়। গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অহিদুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।