স্পোর্টস রিপোর্টার
চীনা তাইপে নয় অবশেষে ইন্ডিয়ান উইমেন্স লিগে খেলতে যাচ্ছেন বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। ভারতে খেলার জন্য গতকাল রাতেই তিনি ঢাকা ছেড়েছেন। যাবার আগে গণমাধ্যমকে বলে গেছেন ভালো খেলে দেশের জন্য সুনাম বয়ে আনাই তার লক্ষ্য।
মূলত ভিসা সমস্যার কারণে তাইপের প্রিমিয়ার লিগে খেলার ইচ্ছে থাকলেও সে স্বপ্ন পূরণ হয়নি এ স্ট্রাইকারের। অথচ এ লিগটি খেলবেন বলেই ভারতের ক্লাব সেথু এফসিকে ফিরিয়ে দিয়েছিলেন তিনি। কিন্তু ভাগ্য সুপ্রসন্ন হওয়ায় ভারতের লিগটির অপর দল গকুলাম কেরালার হয়ে খেলতে যাচ্ছেন সাবিনা।
ইন্ডিয়ান উইমেন্স লিগের এটি তৃতীয় আসর। ১২ দলের এ আসরটি শুরু হয়েছে গত রবিবার। লিগটি চলবে ২২ মে পর্যন্ত। দুই গ্রুপে ভাগ হয়ে খেলছে ক্লাবগুলো। সাবিনার দল গকুলাম পড়েছে ‘এ’ গ্রুপে। তার দল উদ্বোধনী দিনে জয়ী সূচনা করেছে।
সাবিনা এর আগেও লিগটিতে খেলেছেন। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এ লিগে সেথু এফসির হয়ে পাঁচ ম্যাচ খেলে ছয় গোল করে ক্লাবটিকে সেমিফাইনালে তুলেছিলেন। সেবার তার সঙ্গে দেশের আরেক তারকা ফুটবলার কৃষ্ণা রানী সরকারও খেলেছিলেন।
সেথু এফসি এবারো সাবিনাকে চেয়েছিল। কিন্তু তাইপের লিগে খেলার আশায় তিনি ভারতের ক্লাবটিকে না করে দিয়েছিলেন। সেথু এফসিও বাধ্য হয়ে নেপালি খেলোয়াড় এনে তাদের কোটা পূর্ণ করে ফেলে। এরকম পরিস্থিতিতে তার বিদেশি লিগে খেলাও অনিশ্চিত হয়ে পড়েছিল। কিন্তু ভাগ্য সুপ্রসন্ন হওয়ায় আবারো বিদেশি লিগ খেলার সুযোগ হলো তার।
উল্লেখ্য, সাবিনাই বাংলাদেশের প্রথম নারী খেলোয়াড় যিনি বিদেশি লিগে খেলার আমন্ত্রণ পান। মালদ্বীপের লিগ থেকেই প্রথম আমন্ত্রণ এসেছিল তার। সেখানে প্রচুর গোল করে খ্যাতি ছড়িয়ে পড়ার পরে সেথু এফসিও তাকে আমন্ত্রণ জানায়। জানা যায়, ক্লাবটির হয়ে ৭ গোল করেছিলেন তিনি।