১৮ দিন পর তিন পুলিশসহ চার বাংলাদেশিকে ফেরত দিল মিয়ানমার

মিয়ানমার সীমান্তে বেড়াতে গিয়ে নাসাকা সদস্যদের হাতে ধরা পড়া তিন পুলিশ কনস্টেবলসহ মোট চার বাংলাদেশিকে ১৮ দিন পর মিয়ানমার কর্তৃপক্ষ ফিরিয়ে দিয়েছে। মিয়ানমারের মংডু শহরে অনুষ্ঠিত গত রবিবার বিজিবি-নাসাকা পতাকা বৈঠকের পর বন্দি চার বাংলাদেশিকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। ফেরত আসা বাংলাদেশিরা হচ্ছেন— পুলিশ কনস্টেবল মুজিবুর রহমান, মো. ইমরান হোসেন, ইরফান সরকার এবং উখিয়ার কুতুপালং এলাকার দর্জি ব্যবসায়ী মোহাম্মদ সাইফুল ইসলাম। সংশিষ্ট সূত্রে জানা যায়, উখিয়ার নিকটবর্তী পার্বত্য নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় গত ১৩ মার্চ বেড়াতে গিয়েছিলেন পুলিশের তিন সদস্যসহ মোট বাংলাদেশি। তারা ‘ভুলক্রমে’ মিয়ানমার সীমান্তে ঢুকে পড়েন। ওই সময় ক্যামেরাসহ তারা মিয়ানমার সীমান্তরক্ষী নাসাকা বাহিনীর হাতে ধরা পড়েন। বিজিবির সূত্র মতে, ওই চার জন বাংলাদেশি আটকের পর বিজিবির পক্ষ থেকে মিয়ানমার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে তাদের ছাড়িয়ে আনার চেষ্টা করা হয়। দীর্ঘ প্রক্রিয়ার পর ছাড়া পেলেন এ চার বাংলাদেশি। টেকনাফস্থ বিজিবির ৪২ ব্যাটালিয়নের অপস অফিসার ক্যাপ্টেন এইচ কামরুল ইসলাম সাংবাদিকদের জানান, বিজিবির ৬ সদস্যের প্রতিনিধি দল নিয়ে তিনি মিয়ানমারের মংডু টাউনশিপে অনুষ্ঠিত পতাকা বৈঠকে যান। গত রবিবার দুপুরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পতাকা বৈঠকের মাধ্যমে এ চার বাংলাদেশিদের ফেরত দেয়া হয়। পরে বিজিবি তাদের বাংলাদেশ সীমান্তে এনে টেকনাফ পুলিশের কাছে সোপর্দ করেন। কক্সবাজার পুলিশ সুপার মোহাম্মদ আজাদ মিয়া জানান, নাসাকা বাহিনী বন্দি বাংলাদেশিদের কোন প্রকার মানসিক বা শারিরিক নির্যাতন করেনি। মিয়ানমার সীমান্তে ঢুকে পড়া পুলিশ সদস্যসহ চার বাংলাদেশির বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।