‘আমরা অরাজনৈতিক ঈমানী আন্দোলনে ময়দানে নেমেছি’
প্রকাশ : ০১ এপ্রিল ২০১৩, ২২:৩৪
৬ এপ্রিল হেফাজতে ইসলামের লংমার্চ সফল করার লক্ষ্যে গতকাল সোমবার রাজধানীতে আল্লামা শাহ আহমদ শফীর ঢাকাস্থ খোলাফায়ে কেরামগণ বৈঠক করেছেন। এছাড়া নেতৃবৃন্দ জনসংযোগ করেছে রাজধানীর বিভিন্ন মাদ্রাসায়। বাদ আসর লালবাগস্থ কার্যালয়ে খোলাফায়ে কেরামের নেতৃবৃন্দ লংমার্চ সফল করার লক্ষ্যে ঈমানী তাগিদে ময়দানে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়ে বলেছেন, আল্লামা আহমদ শফী জাতির এমন দুঃসময়ে যে ঐতিহাসিক ভূমিকা নিয়ে মাঠে নেমেছেন, তা বাংলাদেশের ইতিহাসে সোনার হরফে লেখা থাকবে। লংমার্চ সফল করা সকল মুসলমানের ঈমানী দায়িত্ব। সারা দেশের তাওহিদী জনতার প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, আপনারা যেখানে যে অবস্থায় আছেন, ঘোষিত কর্মসূচি সফল করতে সর্বাত্মকভাবে ময়দানে ঝাঁপিয়ে পড়ুন। ইনশাআল্লাহ মহান আল্লাহ মুসলমানদের ইজ্জত রক্ষা করবেন।
ফরিদাবাদ মাদরাসার মুহতামীম মাওলানা আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ঢাকায় অবস্থানরত হযরতের খলীফাদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আবুল কাসেম, মুফতী উমর ফারুক, মাওলানা মঞ্জুরুল ইসলাম, মাওলানা আবু জাফর মোঃ ইব্রাহীম, মাওলানা আব্দুল গণী, মাওলানা মবিনুল ইসলাম, মাওলানা নুরুল আমীন, মুফতী ইউনুস, মুফতী ইমাদুদ্দীন, মাওলানা জহুরুল ইসলাম, মুফতী আবুল কাসেম জেহাদী, মুফতী হাবিবুল্লাহ, মাওলানা শাফী কাসেমী, মাওলানা ইমদাদুল্লাহ, মাওলানা কামরুজ্জামান, মাওলানা আজগর হোসাইনসহ অর্ধশতাধিক খোলাফায়ে কেরাম। এ সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মুফতী মুহাম্মদ ওয়াক্কাস, মুফতী ফয়জুল্লাহ, মাওলানা আহলুল্লাহ ওয়াছেল, মাওলানা যোবায়ের আহমদ, মাওলানা মুহিউদ্দীন ইকরাম, মাওলানা জসিম উদ্দীন প্রমুখ। এদিকে ঢাকার মালিবাগ মাদরাসায় মাওলানা আনোয়ার শাহের সভাপতিত্বে উলামায়ে কেরামের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর ও লংমার্চ সমন্বয় কমিটির আহ্বায়ক মাওলানা নুর হোসাইন কাসেমী বলেন, আমরা অরাজনৈতিক ঈমানী আন্দোলনে ময়দানে নেমেছি। সরকারি দল ও বিরোধী দলসহ যে কোন মুসলমান আমাদের এই আন্দোলনে শরীক হতে পারে। কোন রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়ন আমাদের লক্ষ্য নয়। আমাদের শান্তিপূর্ণ লংমার্চে বাধা এলে ঈমানী আন্দোলন ভিন্ন রূপ নিতে পারে।
বিশেষ অতিথির বক্তব্যে মুফতী মুহাম্মদ ওয়াক্কাস বলেন, সারাদেশে আল্লামা শাহ আহমদ শফীর আহ্বানে ইমানদার মুসলমানের যে গণজাগরণ শুরু হয়েছে, ৬ এপ্রিল লংমার্চ সফল করে তাকে পরিপূর্ণতায় পৌঁছে দিতে হবে। আরো ছিলেন মালিবাগ মাদরাসার মুহাদ্দিস মাওলানা আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহইয়া, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা সাখাওয়াত হোসাইন মাওলানা ফজলুল করীম কাসেমীসহ প্রায় দেড় শতাধিক উলামা মাশায়েখ।