হরতালে নাশকতা ঠেকাতে মাঠে পুলিশ র্যাব বিজিবি

বিএনপিসহ ১৮ দলের হরতালে নাশকতা ঠেকাতে পুলিশ, র্যাব ও বিজিবি ব্যাপক প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে। সোমবার রাত ৮টার দিকে রাজধানীসহ দেশে নাশকতার ঝুঁকিপূর্ণ জেলাগুলোতে বিজিবি নামানো হয়েছে। ডিএমপির অতিরিক্ত কমিশনার আব্দুল জলিল মন্ডল সাংবাদিকদের জানিয়েছেন, হরতালে নাশকতা ঠেকাতে পুলিশের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। কিছু কিছু এলাকায় জামায়াত-শিবিরের কর্মীরা চোরাগোপ্তা হামলা ও বাসে আগুন দিয়েছে। তবে সার্বিকভাবে নিরাপত্তায় পুলিশের ব্যাপক প্রস্তুতি রয়েছে। বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি পুলিশের সঙ্গে কাজ করবে। ঢাকার বাইরে কয়েকটি জেলায় বিজিবি মোতায়েন থাকবে। গতকাল রাত ৮টার দিকে রাজধানীতে প্রাথমিকভাবে ২০ প্লাটুন বিজিবি নামানো হয়। আজ ভোর ৬টা পর্যন্ত বিজিবি মোতায়েন থাকলেও হরতালে পরিস্থিতি অনুযায়ী বিজিবি দায়িত্ব পালন করবে। রাজশাহী, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, নওগাঁ, বগুড়া, সাতক্ষীরা, সিরাজগঞ্জ, কক্সবাজারসহ আরো কয়েকটি জেলায় বিজিবি প্রস্তুত থাকবে। ঐসব এলাকার পরিস্থিতি অনুযায়ী বিভাগীয় কমিশনার অথবা জেলা প্রশাসকের সুপারিশ অনুযায়ী মাঠে নামানো হবে। র্যাবের মিডিয়া এন্ড লিগ্যাল শাখার পরিচালক উইং কমান্ডার হাবিবুর রহমান জানান, সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও কোন অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় সেজন্য র্যাব মাঠে কাজ করবে। হরতালে রাজধানীতে যেসব স্থানে বেশিরভাগ সময় পিকেটিং হয় সেসব স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পল্টন, দৈনিক বাংলা, মতিঝিল, যাত্রাবাড়ী, সাইনবোর্ড, হাজারীবাগ, বিজয়নগর, নয়াপল্টন, ফকিরাপুল, কাকরাইল, মালিবাগ, মগবাজার, রামপুরা, বাড্ডা, ফার্মগেট, কাওরানবাজার, গাবতলী, মিরপুর, মহাখালী, খিলক্ষেত, পান্থপথসহ বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এসব এলাকায় নাশকতা রোধে পুলিশের পাশাপাশি র্যাব ও বিজিবি টহল দিচ্ছে।