ছাত্র শিবিরের সভাপতি দেলাওয়ারসহ তিনজন ১৪ দিনের রিমান্ডে

ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. দেলাওয়ার হোসেন ওরফে সাঈদীসহ তিনজনকে পৃথক দুই মামলায় সাতদিন করে ১৪ দিনের রিমান্ড আদালত মঞ্জুর করেছে। রিমান্ড আবেদন মঞ্জুর হওয়া অপর দুইজন হলেন—মাহমুদ হাসান ওরফে সুমন ও শোয়েব সরকার। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হারুন অর রশিদ শুনানি শেষে গতকাল সোমবার এ আদেশ দেন। আসামিদের রিমান্ড বাতিল করে জামিন চেয়ে আবেদনের শুনানি করেন— অ্যাডভোকেট গোলাম মোস্তফা খান, আব্দুর রাজ্জাক ও কামাল উদ্দিন আহমেদ প্রমুখ। রিমান্ড আবেদনে বলা হয়, আসামিরা ছাত্র শিবিরের সক্রিয় সদস্য। এ আসামিরা অপর এজাহারে আসামিদের সহায়তায় গত ২৮ ফেব্রুয়ারি মোহাম্মদপুর থানাধীন ইকবাল রোডে হরতালের সমর্থনে জঙ্গি মিছিল বের করে। এ সময় তারা যানবাহন ভাংচুর করে , বাড়ি-ঘরে ও জনসাধারণের ওপর হামলা করে। এ সময় কর্তব্যরত পুলিশ বাধা দিলে তারা পুলিশের ওপর হত্যার উদ্দেশ্যে মারধর করে ও ককটেল বিস্ফোরণ ঘটায়। পলাতক অপরাপর আসামিদের নাম-ঠিকানা সংগ্রহ ও গ্রেফতারের লক্ষ্যে আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। সমপ্রতি দেশব্যাপী ঘটে যাওয়া সহিংসতা ও নাশকতার ঘটনায় গত রবিবার দুপুরে রাজধানীর শ্যামলীর এক আত্মীয়ের বাসা থেকে দেলাওয়ার হোসেন ও তার দুই আত্মীয়কে গ্রেফতার করে ডিবি পুলিশ।