খালেদা জিয়া কাল যশোর হয়ে সাতক্ষীরা যাবেন

আগামীকাল বুধবার দু’দিনের সফরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যশোর হয়ে সাতক্ষীরা যাবেন। তিনি সাতক্ষীরায় পুলিশের গুলিতে নিহতদের পরিবারগুলোকে সমবেদনা জানাবেন ও আর্থিক সহায়তা দেবেন। পরে জনসভায় ভাষণ দেবেন। বুধবার বিকাল ৩টায় ঢাকা থেকে সাতক্ষীরার উদ্দেশ্যে রওয়ানা হবে খালেদা জিয়ার গাড়িবহর। ওইদিন যশোর সার্কিট হাউসে রাতযাপন করবেন তিনি। পরদিন বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে সাতক্ষীরার শোকসন্তপ্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলবেন। বিকাল সাড়ে তিনটায় সাতক্ষীরা সরকারি হাইস্কুল মাঠে শোকসমাবেশে বক্তৃতা করবেন তিনি। এরপর ফের যশোর সার্কিট হাউসে পৌঁছে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে রাজবাড়ী-মানিকগঞ্জ হয়ে ঢাকা ফিরবেন। দেলওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির আদেশ দেয়ার পর সাতক্ষীরায় মানুষ রাস্তায় নেমে আসে। বিক্ষোভ করে। ৩ থেকে ১২ মার্চ পর্যন্ত বিজিবি-পুলিশের গুলিতে অনেকে নিহত হয়।