রিজভী ও ফারুকসহ ৩৪ নেতাকর্মীর জামিন না-মঞ্জুর

রাজধানীর পল্টন থানার দু’টি মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব ও দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভী ও বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক ও জাগপা সভাপতি শফিউল আলম প্রধানসহ ৩৪ জনের জামিন না-মঞ্জুর করেছে আদালত। গতকাল সোমবার ঢাকার ভারপ্রাপ্ত মহানগর দায়রা জজ আনিসুর রহমান শুনানিশেষে এ আদেশ দেন। আসামিদের পক্ষে জামিনের শুনানি করেন অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, বোরহানউদ্দিন, মাসুদ আহমেদ তালুকদার প্রমুখ আইনজীবী। জামিন আবেদনের বিরোধিতা করেন সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পিপি শাহআলম তালুকদার। গত ২০ মার্চ এ মামলা দুটিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের জামিন না-মঞ্জুর হয়। এর আগে গত রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মাহমুদ আদনান আসামিদের বিরুদ্ধে দাখিল করা একটি মামলার অভিযোগপত্র গ্রহণ করে আগামী ১৭ এপ্রিল অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য করেন। ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে দ্রুত বিচার মামলায় গত ২৪ মার্চ তদন্ত কর্মকর্তা বিএনপি ও ১৮ দলীয় জোটের ১৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।