বিদেশিদের হাতে জাদুর কাঠি নেই
প্রকাশ : ০১ এপ্রিল ২০১৩, ২২:৩৮
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, বাংলাদেশকে সবাই পছন্দ করে। বাংলাদেশের অনেক বন্ধু আছে। বাংলাদেশ যখন অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের পথ খুঁজে পাবে, তখন আমরা সবাই সহযোগিতা করব। তবে ঐ পথ বাংলাদেশকে দেখাতে হবে। বিদেশিদের হাতে যাদুর কাঠি নেই। গতকাল সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব শহীদুল হকের সঙ্গে দেড় ঘণ্টা বৈঠক শেষে রাষ্ট্রদূত মজীনা সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।
ড্যান মজীনা অপর এক প্রশ্নের জবাবে বলেন, সংঘাত, সহিংসতা কখনো প্রতিবাদের ভাষা হতে পারে না। এটা আমি অনেক আগে স্পষ্টভাবে বলেছি। সংঘাত কখনোই গ্রহণযোগ্য নয়। আমি মনে করি, শান্তিপূর্ণভাবে মত প্রকাশের অধিকার সকল নাগরিকেরই আছে। রাস্তায় সংঘাত সৃষ্টি ও মানুষ হত্যার কোন অধিকার নেই।
মার্কিন রাষ্ট্রদূত জানান যে, পররাষ্ট্র সচিবের সঙ্গে তিনি দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন। আগামী ৯ এপ্রিল নিরাপত্তা সংলাপ, ২৭ ও ২৮ মে অংশীদারিত্বমূলক সংলাপ জিএসপি ইস্যু নিয়ে আলোচনা হয় বলে রাষ্ট্রদূত জানান।