‘জয়’ চায় চোটজর্জর লিভারপুল

এদিকে বার্সা কোচ আর্নেস্তো ভালভার্দের ঝুঁকি কিছুটা কম। কেবল ফরোয়ার্ড উসমান দেম্বেলেকে ছাড়া তিন গোলের লিড রক্ষা করতে

হবে দলটিকে।

 স্পোর্টস ডেস্ক

বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে নিজেদের মাঠে পাওয়া জয়ে তিন গোলে এগিয়ে থেকে আজ রাতে ফিরতি লেগে লিভারপুলের আতিথেয়তা পাবে। চোটের কারণে বেশ কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে এই লড়াইয়ে পাচ্ছে না দুই দল।

পায়ের মাংসপেশিতে চোট নিয়ে আগের লেগেও শুরুর একাদশে ছিলেন না লিভারপুলের ব্রাজিলীয় ফরোয়ার্ড রবার্তো ফিরমিনো। সম্প্রতি ক্লাবের মেডিক্যাল দল জানিয়েছে এই ম্যাচেও তাকে পাচ্ছে না অল রেডরা। বার্সেলোনার মাঠে প্রথম লেগে চোট পেয়ে প্রথমার্ধেই মাঠ ছাড়তে হয়েছিল দলটির মিডফিল্ডার নাবি কেইটাকে। এবার নিজেদের মাঠেও তাকে পাচ্ছে না দল।

লিভারপুলের শেষ প্রিমিয়ার লিগ ম্যাচে প্রতিপক্ষ গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষের ফলে মাথায় চোট পেয়েছিলেন মোহামেদ সালাহ। এই ম্যাচে তাকেও পাচ্ছে না অল রেডরা। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে কোচ য়ুর্গেন ক্লপ বলেন, ‘চোটটা বেশ গুরুতর। আর তাই তাকে খেলার অনুমতি দেওয়া হয়নি। আমরা এটা করতে পারি না। সে ভালোই অনুভব করছে কিন্তু মেডিক্যাল দৃষ্টিকোণ থেকে দেখলে সে এখনো খেলার জন্য উপযোগী হয়ে ওঠেনি।’

তিন গোলে পিছিয়ে আছে দল, এদিকে আক্রমণভাগে নেই সালাহ-ফিরমিনোরাও। এমন অবস্থায় ঘুরে দাঁড়ানোর কথা ভাবছেন না ক্লপ। তবে জানালেন, জয়ের লক্ষ্যেই নামবে লিভারপুল। ক্লপের ভাষায়, ‘পরিস্থিতি আমাদের অনুকূলে নেই তবে, আমরা জয়েরই চেষ্টা করবো। এই অবস্থায় এটাই অর্থপূর্ণ লক্ষ্য।’

তবে ফাইনালে ওঠার সুযোগ পেলে লুফে নেওয়ার পরামর্শও দিলেন শিষ্যদের। ক্লপ বলেন, ‘আমরা ম্যাচটা জিততে চেষ্টা করবো। যদি কোনো বিশেষ মুহূর্তে তারা আমাদের পরের রাউন্ডে যাওয়ার সুযোগ করে দেয় তবে তা লুফে নিতে হবে দলকে।’

এমন অবস্থায় রক্ষণকেও সমান গুরুত্ব দিচ্ছেন ক্লপ। জার্মান এই কোচ বলেন, ‘যদি আপনি কোনো নির্দিষ্ট ফলাফলকে তাড়া করেন তবে অন্য অংশে (রক্ষণভাগে) মনোযোগ হারানোর ভয় থাকে। প্রথম লেগে যেভাবে আমরা রক্ষণে খেলছিলাম, একটি মুহূর্ত ছাড়া তার পুরোটাই আমি এখনো পছন্দ করি। তিন গোলে এগিয়ে যাওয়ার পর তারা দারুণ কিছু মুহূর্ত উপভোগ করেছিল কিন্তু এর আগে সবকিছু ভালোই ছিল।’

এদিকে বার্সা কোচ আর্নেস্তো ভালভার্দের ঝুঁকি কিছুটা কম। কেবল ফরোয়ার্ড উসমান দেম্বেলেকে ছাড়া তিন গোলের লিড রক্ষা করতে হবে দলটিকে। তবে দূরের কথা ভাবলে বার্সার ক্ষতিটাও নেহায়েত কম নয়। স্প্যানিশ ক্রীড়াদৈনিক মার্কা জানাচ্ছে, সেল্টা ভিগোর বিপক্ষে লিগ ম্যাচে পাওয়া হ্যামস্ট্রিং চোটের কারণে ২৫ মে কোপা দেল রে ফাইনালেও ফরাসি এই ফরোয়ার্ডকে না পাওয়ার আশঙ্কা আছে কাতালানদের।

তবে শতভাগ সুস্থ থাকলেও দেম্বেলে অ্যানফিল্ডে শুরুর একাদশে থাকতেন কি না তা বলা মুশকিল। তবে শেষ কয়েক মাসে বদলি খেলোয়াড় হিসেবে তাকে দারুণভাবে ব্যবহার করছিলেন বার্সা কোচ। তার গতি ও গোল করার ক্ষমতা প্রতিপক্ষ রক্ষণের ভারসাম্য ভাঙতে বেশ সাহায্য করতো দলকে।

দেম্বেলের অনুপস্থিতি ও দলের এগিয়ে থাকার বিচারে বার্সা কোচ মাঝমাঠে চারজন খেলোয়াড়কে ব্যবহার করবেন বলে ধারণা করছে স্প্যানিশ সংবাদ মাধ্যমগুলো। আগের ম্যাচে শুরুর একাদশে থাকা সার্জিও বুসকেটস, আর্তুরো ভিদাল ও ইভান রাকিটিচের সঙ্গে যোগ দেবেন আগের ম্যাচে রক্ষণভাগে খেলা সার্জি রবার্তো। ফলে রক্ষণভাগের ডানপ্রান্তে ফিরবেন নেলসন সেমেদো।