ডেসটিনির কোষাধ্যক্ষ আকবর হোসেন জেলহাজতে
প্রকাশ : ০১ এপ্রিল ২০১৩, ২২:৩৯
দুর্নীতি মামলায় আত্মসমর্পণের পর ডেসটিনি মাল্টি পারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের কোষাধ্যক্ষ আকবর হোসেন সুমনকে জেলহাজতে পাঠিয়েছেন ঢাকার একটি আদালত। সোমবার আকবর হোসেন সুমন ঢাকার চিফ ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান জামিন না-মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। একইসাথে দুদকের উপ-পরিচালক মোজাহার আলী সরদার সুমনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন রিমাণ্ডে নেয়ার আবেদন করলে ম্যাজিস্ট্রেট ৪ এপ্রিল এ ব্যাপারে শুনানির দিন ধার্য করেছেন। উল্লেখ্য, দুদকের উপ-পরিচালক মো. মোজাহার আলী সরদার ও সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম গত বছরের ৩১ জুলাই ডেসটিনি গ্রুপের বিরুদ্ধে দু’টি মামলা দায়ের করেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, ডেসটিনি ২০০০ লিমিটেড কর্তৃপক্ষ ডেসটিনি ট্রি প্ল্যানটেশন ও ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির মাধ্যমে প্রায় ৪ হাজার কোটি টাকা সংগ্রহ করে। কিন্তু বর্তমানে তাদের পৃথক দু’টি অ্যাকাউন্টে ৫৬ লাখ ও ৪ কোটি ৮৭ লাখ টাকা আছে। বাকি তিন হাজার ২৮৫ কোটি টাকা তারা মানিলন্ডারিংয়ের মাধ্যমে আত্মসাত্ করেছেন।