রইলো নিমন্ত্রণ
প্রকাশ : ০২ এপ্রিল ২০১৩, ১৮:২১
নীলাকাশের বন্ধু হবার ইচ্ছে মনে পুষি
মেঘের ঘুড়ি উড়িয়ে দেব যেথায় যেমন খুশি।
দুষ্টু ঘুড়ি পাড়ি দেবে ছয়টি ঋতুর গাঁ
নেই প্রয়োজন লাটাই, সূতো, বাহারি পাখনা।
প্রজাপতির গায়ে এঁকে দেব আলোর ছবি
রঙিন ডানা হবে ভোরের টুকটুকে লাল রবি।
আলের ধারে জমে থাকা একটা ফোঁটা পানি
ধুয়ে দেবে ধানশালিকের ক্লান্ত শরীরখানি।
দুষ্টু ছেলের খাঁচা ভেঙে উড়াল দেয়া পাখি
ইচ্ছেমতো লেজ দুলিয়ে রবে ডাকাডাকি।
তাই আকাশের বন্ধু হবার স্বপ্ন বুকে গাঁথি
দু’জন হবো অচিন দেশের পথহারাদের সাথি।
খেলার সাথি মাতামাতি চলবে সারাক্ষণ
আমার মতো মুক্ত হবার রইলো নিমন্ত্রণ।