খুলনায় রিহাদের সেঞ্চুরি

বাংলাদেশ-পাকিস্তান অনূর্ধ্ব ১৬

স্পোর্টস রিপোর্টার

ফতুল্লায় দুই দলের প্রথম তিন দিনের ম্যাচে ছিল বোলারদের দাপট। কিন্তু খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে শুরু হওয়া দ্বিতীয় ম্যাচের প্রথম দিন অন্তত অন্যরকম ইঙ্গিত দিচ্ছে। দুই দলের ১২টি উইকেট পড়ে গেলেও প্রথম দিনে সেঞ্চুরি করেছেন বাংলাদেশের রিহাদ খান।

রিহাদের সেঞ্চুরি, মফিজুল ইসলাম রবিনের ফিফটিতে অলআউট হওয়ার আগে ২৯২ রান করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল। জবাবে শেষ বিকেলে ব্যাটিংয়ে নামা পাকিস্তান দল ২০ রান তুলতে হারিয়েছে ২ উইকেট।

বাংলাদেশের শুরুটা খুব ভালো হয়নি। দলীয় ৫২ রানেই হারিয়ে ফেলেছিল তারা ৩ উইকেট। এরপর রবিন ৫০ ও আইচ মোল্লা ৩০ রান করে প্রতিরোধ করেন। এই দুইজনের পর বাংলাদেশকে বড় স্কোরে নিয়ে যান রিহাদ খান। তাকে সঙ্গ দেন ৩১ রান করা মাকসুদুর রহমান। রিহাদ শেষ পর্যন্ত ১২০ বলে ১৫টি চার ও ৫টি ছক্কায় সাজানো ১৩৬ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন।

জবাব দিতে নামা পাকিস্তানের ২ উইকেট তুলে নিয়েছেন মুশফিক হাসান ও আশিকুর রহমান।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ ঃ ১ম ইনিংস- ৭৩.৫ ওভারে ২৯২/১০ (রিহাদ ১৩৬*, রবিন ৫৩, মাকসুদুর ৩১, আইচ ৩০; মুঘল ৪/৩৮, আসফান্দ ৩/৫০, খালিদ ২/৪৮)।

পাকিস্তান অনূর্ধ্ব-১৬ ঃ ১ম ইনিংস- ৮ ওভারে ২০/২