রূপগঞ্জে আলো ছড়াচ্ছে জ্ঞানেরদ্বার পাঠাগার
প্রকাশ : ০২ এপ্রিল ২০১৩, ১৯:৫৮
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাঝিনা নদীরপাড় ও ইছাখালী এলাকায় জ্ঞানেরদ্বার পাঠাগারের পাঠকরা প্রতিদিন ভিড় করছে। জ্ঞান আহরণ করতে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন পেশা ও বয়সের মানুষ ছুটে আসেন এই পাঠাগারে। এখানে কোরআন, হাদিস, শিশুতোষ, উপন্যাস, রচনা ও প্রবন্ধ বই পড়ে সময় কাটান সর্বশ্রেণির মানুষ। দৈনিক, সাপ্তাহিক ও মাসিক পত্রিকা ছাড়াও পাঁচ শতাধিক বই নিয়ে পল্লীর এই পাঠাগারের যাত্রা শুরু হয়।
জ্ঞানের দ্বার পাঠাগারের সভাপতি মাওলানা মোঃ এনামুল হাসান জানান, রূপগঞ্জের গরিব, দুঃখী ও সর্ব সাধারণের কথা চিন্তা করে এবং তাদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিতেই এ পাঠাগার প্রতিষ্ঠা করা হয়েছে। সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, সমাজের শিক্ষানুরাগীদের প্রেরণাতেই এ পাঠাগার নির্মাণ করেছি। বই সংগ্রহে জনসাধারণ সহযোগিতা করছে। পাঠাগারের পাঠক রফিকুল ইসলাম বলেন, তরুণ প্রজন্মের এ মহত্ উদ্যোগে আমরা গর্বিত ও আনন্দিত।