গৌরনদীর গরংগল মাদ্রাসা নানা সমস্যায় জর্জরিত
গৌরনদী (বরিশাল) সংবাদদাতা
প্রকাশ : ০২ এপ্রিল ২০১৩, ১৯:৫৮
নানা সমস্যায় জর্জরিত গৌরনদীর গরংগল দাখিল মাদ্রাসা। শ্রেণিকক্ষের অভাবে এখানকার শিক্ষার্থীরা দীর্ঘদিন যাবত্ খোলা বারান্দায় ক্লাস করছে। শিক্ষার্থীদের জন্য খেলার মাঠ নেই। নেই বেঞ্চ, চেয়ার-টেবিলসহ প্রয়োজনীয় আসবাবপত্র। এ সমস্যা দীর্ঘদিনের হলেও সমাধানের উদ্যোগ নিচ্ছে না কেউ। মাদ্রাসাটি ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হলেও এখানে সরকারি উদ্যোগে ৪ রুম বিশিষ্ট একটি ভবন তৈরি করা হয়েছে ২০০৫ সালে। ওই ভবনের ৩টি রুম, ক্লাসরুম হিসেবে ব্যবহূত হচ্ছে। অন্য রুমটি ব্যবহূত হচ্ছে মাদ্রাসার অফিস ও লাইব্রেরি হিসেবে। এ ছাড়া বহু আগে নির্মিত একটি ভাঙ্গা-চোরা টিনের ঘরে ৩টি ক্লাসের শিক্ষার্থীদের ক্লাস নেয়া হচ্ছে। মাদ্রাসার এবতেদায়ী (প্রাইমারী) শাখার শিক্ষার্থীদের ক্লাস নেয়ার জন্য আলাদাভাবে কোন শ্রেণিকক্ষ না থাকায় তাদের ক্লাস নেয়া হচ্ছে মাদ্রাসা ভবনের খোলা বারান্দায়। মাদ্রাসার সুপার মাওলানা হেমায়েত উদ্দিন জানান, শিশু শ্রেণি থেকে দাখিল পর্যন্ত বর্তমানে ৫১২ জন শিক্ষার্থী অত্র মাদ্রাসায় পড়াশোনা করছে। ১১টি শ্রেণির জন্য ১১টি ক্লাসরুমের প্রয়োজন হলেও এখানে মাত্র ৬টি ক্লাসরুম আছে। শ্রেণিকক্ষের অভাবে শিক্ষার্থীদের ক্লাস নেয়া সম্ভব হচ্ছে না।