গফরগাঁওয়ে হাইকোর্টের নির্দেশ
সত্ত্বেও ১৮ ইটভাটা বন্ধ হয়নি
প্রকাশ : ০২ এপ্রিল ২০১৩, ২০:০০
গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় পরিবেশ আইন অমান্য করে চালু হওয়া ১৮টি অবৈধ ইটভাটা বন্ধ হচ্ছে না। এগুলো বন্ধে হাইকোর্টের আদেশও কার্যকর হয়নি।
অবৈধভাবে ইটভাটা স্থাপন করায় পরিবেশ অধিদপ্তরের ময়মনসিংহ জেলা কার্যালয় গত ১ জানুয়ারি ১৮টি ইটভাটার কার্যক্রম বন্ধের জন্য চূড়ান্ত নোটিশ দেয়। উপজেলার লংগাইর গ্রামের শামছুদ্দিন আহম্মেদের ছেলে সাদেক উল আমিন উপজেলার বাঙ্গালকান্দি গ্রামে স্থাপিত মেসার্স মমতা এন্টারপ্রাইজের ইটভাটার কার্যক্রম বন্ধের জন্য বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, ময়মনসিংহের জেলা প্রশাসক, ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক, গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গফরগাঁও থানার ওসিকে বিবাদী করে গত ১৭ ফেব্রুয়ারি হাইকোর্টে রিট আবেদন করেন। এই আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মির্জা হোসাইন হায়দার ও বিচারপতি খোরশেদ আলম সরকারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই ইটভাটা বন্ধের জন্য ময়মনসিংহের জেলা প্রশাসক ও গফরগাঁও থানার ওসিকে নির্দেশ দেন।
হাইকোর্টে আদেশের পর গত ২১ মার্চ পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুল আজিমের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তরের একটি দল মমতা এন্টারপ্রাইজের ইটভাটা বন্ধের জন্য অভিযান চালায়। হাইকোর্টে রিট আবেদনকারী বলেন, হাইকোটের নির্দেশের পর ও ভাটাটি এখনও চলছে। এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তরের ময়মনসিংহ অফিসের উপ-পরিচালক মোঃ আব্দুল আজিম বলেন, আমাদের জনবল কম এবং পরিবহন সুবিধা না থাকায় সময় মত অনেক ব্যবস্থা নিতে পারি না।