দক্ষিণ পশ্চিমের জেলাগুলোতে
গম ভুট্টা ডালের বাম্পার ফলন
প্রকাশ : ০২ এপ্রিল ২০১৩, ২০:০১
ভ্রাম্যমাণ প্রতিনিধি
এবার দক্ষিণ-পশ্চিমের জেলাগুলোতে বোরো চাষের লক্ষ্যমাত্রা অর্জিত না হলেও গম, ভুট্টা ও ডাল জাতীয় শস্যের রেকর্ড পরিমাণ চাষ ও বাম্পার ফলন হয়েছে। বাম্পার ফলন, ভাল দাম পেয়ে চাষি খুশি। যশোর কৃষি সমপ্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এবার খুলনা বিভাগের ১০ জেলায় ৫ লাখ ৮৮ হাজার ৫শ’ ৫৫ হেক্টর বোরো চাষের লক্ষ্যমাত্রা ছিল। চাষ হয়েছে ৫ লাখ ৬৭ হাজার ২শ’ ১০ হেক্টরে। গত বছরে বোরো ধানের দরপতনে লোকসান হওয়ায় এবার চাষিরা চাষ কমিয়ে দিয়েছে বলে জানায়। তাছাড়া দফায়-দফায় ডিজেলের দাম বাড়ায় সেচ খরচ বেড়ে গেছে । এজন্যও বোরো চাষ কমিয়ে দেয়ার অন্যতম কারণ বলে তারা জানায়। অন্যদিকে মসুর চাষের লক্ষ্যমাত্রা ৫০ হাজার ১শ’ ৭৪ হেক্টরে, চাষ হয়েছে ৫৬ হাজার ৯শ’ ৫৫ হেক্টরে। খেসারি চাষ ২২ হাজার ৬শ’ ২৬ হেক্টরে, মটর ৪ হাজার ২৬ হেক্টরে, মুগ ৩ হাজার ৫শ’ ৮৮ হেক্টর ও ৪শ’ ৭৬ হেক্টরে ছোলা চাষ হয়েছে। গম চাষের লক্ষ্যমাত্রা ছিল ৫৫ হাজার ৮শ’ ৮৪ হেক্টর জমিতে, চাষ হয়েছে ৫৬ হাজার ৭শ’ হেক্টরে। ভুট্টা চাষ হয়েছে ৬৪ হাজার একশ’ ৬২ হেক্টরে। ইতিমধ্যে গম কাটা পুরোদমে শুরু হয়েছে। নতুন গম বাজারে উঠছে। প্রতি মণ গম বিক্রি হচ্ছে ৮শ’ টাকা থেকে সাড়ে ৮শ’ টাকা দরে। এবার আবহাওয়া গম চাষের অনুকূলে থাকায় ফলন ভাল হচ্ছে। ফলে গম চাষে চাষি লাভবান হচ্ছে। মসুরির ফলনও এবার বাম্পার। প্রতি মণ বিক্রি হচ্ছে আড়াই হাজার টাকা থেকে ৩ হাজার টাকা দরে। ভুট্টারও বাম্পার ফলন হয়েছে। মেহেরপুর সদর উপজেলার উজলপুর গ্রামের চাষি এসকেন আলি জানান, বিঘাপ্রতি ৩০ - ৩৫ মণ ভুট্টার ফলন হচ্ছে। শুকনা ভুট্টা প্রতি মণ ৮শ’ টাকা দরে বিক্রি হচ্ছে।