মার্চে ছয় হাজারের বেশি প্রাণহানি সিরিয়ায়
প্রকাশ : ০২ এপ্রিল ২০১৩, ২০:০২
একটি রক্তাক্ত মাস প্রত্যক্ষ করলো যেন সিরিয়াবাসী। গত দুই বছরের লড়াইয়ে গেল মার্চেই সবচেয়ে বেশি ৬ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। মানবাধিকার কর্মীরা জানিয়েছে, ব্যাপকহারে গুলিবর্ষণ ও দ্বন্দ্ব সংঘাত বেড়ে যাওয়ায় এ নিহতের সংখ্যা বেড়ে সংখ্যা গেছে বলে এক হিসাবে পাওয়া গেছে। এদিকে যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর প্রধান রামি আব্দুল রহমান বলেছেন, নিহতের যে সংখ্যা দেয়া হয়েছে তা অসম্পূর্ণ। সোমবার তিনি বলেন, সিরিয়ান আর্মি ও বিরোধী গ্রুপ সরকারি বাহিনীর সাথে যুদ্ধ করেছে এবং উভয় পক্ষ থেকেই নিহতের সংখ্যা লুকানো হচ্ছে। ‘যুদ্ধে কতজন মারা গেছে এটা বের করা খুব কঠিন। কেননা যোদ্ধারা চায় না এটা জেনে তাদের মনোবল ভেঙ্গে যাক’ জানালেন রামি। অবজারভেটরি জানিয়েছে, ছয় হাজার নিহতের মধ্যে ২,০৭৪ জন বিদ্রোহী যোদ্ধা এবং দুই হাজারের বেশি সাধারণ নাগরিক রয়েছে। এসব নিহতের মধ্যে ১,৪৬৪ জন বাসার অনুগত বাহিনীর সদস্য। এছাড়া নাম না জানা শত শত যোদ্ধা, বেসামরিক লোকজন ও বিদেশিরা রয়েছেন।
গত জানুয়ারিতে দেশটিতে ২০১১ সালের মার্চ থেকে এ পর্যন্ত ৭০,০০০ এর বেশি নিহত হওয়ার তথ্য দিয়েছে জাতিসংঘ। ওদিকে সোমবার দেশটির সবচেয়ে বড় শহর আলেপ্পোর শেখ মাকসুদ এলাকায় নতুন করে লড়াইয়ের খবর পাওয়া গেছে। বিদ্রোহীরা জানিয়েছে তারা ভালো অগ্রগতি করেছে। অন্যদিকে দামেস্কর উত্তরে রুকন আল-দিন বোমাবর্ষণ এবং রাজধানীর উপকণ্ঠে গুলির ঘটনা ঘটেছে। তাছাড়া দেশটির বিদ্রোহী নিয়ন্ত্রিত মধ্যাঞ্চলীয় শহর হমসেও গুলিবর্ষণের খবর পাওয়া গেছে। পশ্চিমা অস্ত্র পাওয়ার পর সামপ্রতিক সময়ে বেশকিছু গুরুত্বপূর্ণ শহরে হামলা শুরু করেছে বিরোধীরা। এতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। দেরা প্রদেশের অনেক শহর ও সামরিক ঘাঁটি দখলে নিয়েছে তারা।