রূপালী পর্দার গল্প যে কেউ অনায়াসে বলতে পারেন মোহাম্মদ ফইয়াজের কীর্তিকে| অথবা তার কাজ নিয়েই হয়ে যেতে পারে আস্ত এক ছবি| ৩২ বছরের পাকিস্তানি পপকর্ন বিক্রেতাই নজর কাড়লেন পাকিস্তান এয়ারফোর্সের| তৈরি করে ফেললেন মিনি একটি প্লেন যা চলে রোড কাটার ইঞ্জিনে এবং এই প্লেনের রয়েছে বার্ল্যাপ উইংস-ও|
ফইয়াজের এই সাফল্য প্রকাশ্যে আসার পরই রাতারাতি তিনি জায়গা করে নিয়েছেন লক্ষ লক্ষ মানুষের হূদয়ে। কিন্তু কীভাবে এই পপকর্ন বিক্রেতা তৈরি করলেন এই প্লেন? কলকাতা ২৪–৭ এর অনলাইনের খবরে বলা হয়েছে ফইয়াজ টিভি ক্লিপস্ এবং অনলাইন ব্লু-প্রিন্টে ভরসা করেই এমন একটি কাজ করতে পেরেছেন| তিনি বলেন, ‘আমি বাতাসে ভাসছি, এছাড়া আর কিছুই অনুভব করতে পারছি না|’ তার এই খবরটি ব্যাপক প্রচার পেলে পাকিস্তানের এয়ারফোর্সের নজরে আসে বিষয়টি। তাদের এক কর্মকর্তা ইতোমধ্যেই একাধিকবার দেখা করেছেন ফইয়াজের সঙ্গে| পাকিস্তানের বিভিন্ন স্থান থেকে আরও অনেকেই মধ্য পাঞ্জাবের তাবুর গ্রামে তাকে ও তার বানানো প্লেন একনজর দেখতে সেখানে আসছেন। জানা যায়, ছোট থেকেই ফইয়াজের স্বপ্ন ছিল পাকিস্তান এয়ারফোর্সে যুক্ত হওয়ার| কিন্তু বাবার মৃত্যুর পর তাকে বাধ্য হয়েই স্কুল ছাড়তে হয় এবং কম টাকা পেলেও শুরু করতে হয় সংসার টানার কাজ|