দোয়ারায় বোমা তৈরি
করতে গিয়ে বিস্ফোরণে
মাদ্রাসাছাত্র আহত
প্রকাশ : ০২ এপ্রিল ২০১৩, ২১:৩২
ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা
দোয়ারা উপজেলায় হাত বোমা তৈরি করতে গিয়ে বিষ্ফোরণে রিয়াজ উদ্দিন (১৬) নামে এক মাদ্রাসা ছাত্রের হাতের আঙ্গুল উড়ে গেছে। গুরুতর আহত অবস্থায় পুলিশ হেফাজতে তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাতে উপজেলার নরসিংপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামে এ বিষ্ফোরণের ঘটনা ঘটে। রিয়াজ উদ্দিন দৌলতপুর গ্রামের মৃত মকবুল হোসেনের পুত্র ও স্থানীয় নছরনগর হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। এলাকাবাসী সূত্রে জানা যায়, নাশকতার উদ্দেশ্যে রিয়াজ উদ্দিনসহ গ্রামের ক’জন মিলে বোমা তৈরির চেষ্টা করে। বোমা তৈরির সময় হঠাত্ বিষ্ফোরণ ঘটলে রিয়াজ উদ্দিনের হাতের আঙ্গুল উড়ে যায়। খবর পেয়ে দোয়ারা থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। দোয়ারা থানার অফিসার্স ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।