বেগমগঞ্জে সন্ত্রাসীদের গুলিতে নিহত ২, আহত ৬

গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় বেগমগঞ্জের সন্ত্রাস কবলিত জগদীশপুরে বিএনপি ক্যাডার সবুজের নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসীর এলোপাতাড়ি গুলিতে মহিলাসহ ২জন নিহত ও ৬ জন গুরুতর আহত হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় বেগমগঞ্জের সবুজের (২২) নেতৃত্বে একদল ক্যাডার অস্ত্র হাতে জগদীশপুর মিঝিবাড়ীতে ঢুকে উচ্ছৃংখল আচরণ ও বাড়ির লোকজনের কাছে চাঁদা দাবি করে। বাড়ির লোকজন তাদেরকে নিবৃত করার চেষ্টা করলে সবুজ ও তার দলবলের হাতে থাকা স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি করতে থাকে। গুলিতে সেতারা বেগম (৬৫), খলিলুর রহমান (৪৫) ঘটনাস্থলে মারা যান। পারভীন আক্তার, মনোয়ারা বেগম, রাবেয়া আক্তার শিল্পী, সামছুউদ্দিন, রোকসানা বেগম ও রোজিনা বেগম গুলিবিদ্ধ হন। গুলিবর্ষণকালে বাড়ির লোকজনের আর্তচিত্কারে এলাকাবাসী এগিয়ে এলেও গুলির মুখে কেউ ঘটনাস্থলে যেতে পারেনি। ক্যাডাররা গুলিবর্ষণ করতে করতে এলাকা ত্যাগ করে। এলাকাবাসী আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করায়। খবর পেয়ে বেগমগঞ্জ থানা পুলিশ, সহকারী পুলিশ সুপার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। বেগমগঞ্জের পশ্চিমাঞ্চলের আলাইয়ারপুর, ছয়ানী, রাজগঞ্জ ও জিরতলী ইউনিয়নের বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ দীর্ঘদিন থেকে সক্রিয়। সন্ত্রাসীদের কাছে এলাকাবাসী জিম্মি হয়ে আছে, ভয়ে কেউ মুখ খুলছে না। কোন কোন জনপ্রতিনিধি সন্ত্রাসীদের নিয়ন্ত্রণকর্তা বলে এলাকায় অভিযোগ রয়েছে। জনতার সহযোগিতায় পুলিশ প্রধান আসামি সবুজসহ দুইজনকে গ্রেফতার করেছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে দশটায় ঘটনার পর থেকে এলাকাবাসীদের মধ্যে উত্তেজনা চলতে থাকে এবং জনতা বিভিন্নভাবে আসামিদের খবর নিতে থাকে। সন্ধ্যার সময় খবর আসে ঘটনার নায়ক সবুজকে নিয়ে কেউ মোটরসাইকেলে লক্ষ্মীপুরের দিকে যাচ্ছে। এ সময় জনতা পিছু ধাওয়া করে ও পুলিশে খবর দেয়। বেগমগঞ্জ পুলিশ সবুজকে গ্রেফতার করে। ফরহাদ নামে অপর ক্যাডারকে পুলিশ দোয়ালিয়া গ্রাম থেকে গ্রেফতার করে।