রাজধানীতে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ

রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ, টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও অগ্নিসংযোগের বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট ও ছাত্র শিবির তাদের হরতাল পালন করেছে। ধোলাইখালে একটি হিউম্যান হলারে এবং আসাদ গেইট এলাকায় একটি অটোরিকশায় আগুন ধরিয়ে দেয় হরতাল সমর্থকেরা। মিরপুরে হরতাল আহ্বানকারীদের হামলায় পল্লবী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিপ্লব শীল আহত হয়েছেন। রাজধানীতে হরতালের পক্ষে ও বিপক্ষে মিছিল বের হয়। অধিকাংশ দোকানপাট ছিল খোলা। গণ পরিবহনের সংখ্যাও অন্য হরতালের তুলনায় ছিল বেশি। তবে গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ থেকে দূর পাল্লার কোনো বাস ছাড়েনি। এদিকে নাশকতার কারণে কুমিল্লায় তুর্ণানিশিতা আন্তনগর ট্রেন লাইনচ্যুত হওয়ায় ঢাকা-চট্টগ্রাম রেল চলাচল বন্ধ ছিল। তবে অন্যান্য রুটের ট্রেন স্বাভাবিকভাবে চলাচল করে। রাজধানীতে বিভিন্ন ঘটনায় ১৮ জন হরতাল সমর্থককে পুলিশ আটক করে। নাশকতার পরিকল্পনার অভিযোগে হরতাল চলাকালে রাজধানীতে চারজনকে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এদের মধ্যে দুই জনকে এক বছর করে এবং অপর দুই জনকে ৬ মাস করে সাজা দেয়া হয়। দুপুরে খিলগাঁওয়ে একটি প্লাস্টিকের বোতলে আধা লিটার পেট্রোল নিয়ে গাড়িতে আগুন দেয়ার চেষ্টার সময় মো. আমিন (২০) ও নজরুল ইসলাম (২০) নামে দুই জনকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের দুই জনকে এক বছর করে কারাদণ্ড দেয়। ভোরে পুরান ঢাকার ধলপুর ও পোস্তগোলায় হরতালের সমর্থনে মিছিল বের হয়। এ সময় তারা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের ছত্রভঙ্গ করে দেয়। সকাল সোয়া ৭টার দিকে রাজধানীর সায়েদাবাদ শাখা ছাত্র শিবিরের ব্যানারে ১০-১২ কর্মী মিছিল বের করে। মিছিলকারীরা একটি সড়ক প্রদক্ষিণ শেষে ব্যানারে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে সড়কে দুইটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা দ্রুত পালিয়ে যায়। কাজলা মাছবাজার, কুতুবখালী, আইডিয়াল স্কুলের সামনে, খিলগাঁও, গুলশান লিংক রোড, তেজগাঁও ও মিরপুর এলাকাতেও হরতালের সমর্থকরা মিছিল বের করে। দুপুর সাড়ে ১২টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ একজনকে আটক করে। এছাড়া একটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়। এ এলাকায় নিরাপত্তায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়। দিনভর বিএনপি কার্যালয় ভিতর থেকে তালাবদ্ধ ছিল। ভোরে কার্যালয়ের ভিতরে প্রবেশ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ প্রমুখ। হরতালের সমর্থনে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল সাড়ে ৯টায় মিছিল-সমাবেশ করেছেন বিএনপির ৯ সংসদ সদস্য। সকালে যাত্রাবাড়ীর ধোলাইপাড় এলাকায় ককটেল নিক্ষেপের চেষ্টাকালে মো. শাহীনুর রহমান শাহীন (২৫) নামে এক শিবির ক্যাডারকে আটক করেছে পুলিশ। তার বাড়ি মাদারীপুর জেলায়। সকাল ৬টা ৫০ মিনিটে মিরপুর-১০ নম্বর সেকশনের বেনারসি পল্লীতে সাত-আটজন হরতাল সমর্থক একটি মিছিল বের করে। পুলিশ বাধা দিলে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। এ সময় কর্তব্যরত পুলিশ কর্মকর্তা বিপ্লব শীল মাথায় ইটের আঘাতে আহত হন। এরপর সকাল ১০টার দিকে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা হরতালবিরোধী একটি মিছিল বের করে। সকাল সাড়ে ৭টায় হরতাল সমর্থকরা আসাদ গেইট এলাকায় একটি অটোরিকশায় আগুন ধরিয়ে দেয়। পরে আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন। দুপুর ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধুর ক্যান্টিনের পাশে আইবিএ ভবনের সামনে দুইটি ককটেল বিস্ফোরণ ঘটে। এ সময় ছাত্রলীগ নেতাকর্মীরা বিস্ফোরণকারীদের দেখতে পেয়ে তাদের ধাওয়া দেন। এ সময় দুষ্কৃতকারীরা আইবিএ ভবনের ভেতরে পালিয়ে ?যায়। ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের খুঁজে বের করে গণপিটুনি দেন। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমজাদ হোসেন ঘটনাস্থলে এসে পুলিশে খবর দেন। পরে শাহবাগ থানা পুলিশ সাঈফ, পলাশ ও মামুনকে গ্রেফতার করে।