রাজশাহী ও রংপুরে আজ ছাত্র শিবিরের সকাল-সন্ধ্যা হরতাল

রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলায় আজ বুধবার সকাল-সন্ধ্যা হরতাল আহবান করেছে ইসলামী ছাত্রশিবির। সংগঠনের কেন্দ ীয় সভাপতি দেলাওয়ার হোসেনকে গ্রেফতার ও পুলিশ রিমান্ডে নির্যাতনের প্রতিবাদে গতকাল মঙ্গলবার সকালে ছাত্রশিবিরের প্রচার বিভাগের নামে ই-মেইলে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই হরতাল আহবানের কথা বলা হয়। তবে বিজ্ঞপ্তিতে চলমান এইচ.এস.সি ও আলীম পরীক্ষা হরতালের আওতামুক্ত থাকবে বলে উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দেলাওয়ার হোসেনকে অবিলম্বে মুক্তি দেয়া না হলে হরতালই ছাত্রশিবিরের শেষ কর্মসূচি নয়, প্রয়োজনে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। লাগাতার কর্মসূচির মাধ্যমে রাজশাহী অচল করে দেয়া হবে।’ অন্যদিকে গতকাল মঙ্গলবারের হরতালের সমর্থনে সকাল সাড়ে ৮টার দিকে মহানগরীর বাইরে খড়খড়ি বাইপাস সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ করেছে ছাত্রশিবির নেতাকর্মীরা।