জামায়াতের অভিনন্দন
প্রকাশ : ০২ এপ্রিল ২০১৩, ২২:৩৩
গতকাল মঙ্গলবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল সফল করায় দেশবাসীকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। এক বিবৃতিতে তিনি বলেন, হরতাল বানচালের জন্য আওয়ামী লীগসহ ১৪ দলীয় জোট সারাদেশে সন্ত্রাসী তাণ্ডব চালিয়েছে। সরকার পুলিশ বাহিনীকে দলীয় ক্যাডারের মত ব্যবহার করে সারাদেশে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করে। জুলুম ও নিপীড়নের পরও গ্রেফতার উপেক্ষা করে জনগণ সর্বাত্মকভাবে হরতাল সফল করেছে।
তিনি দাবি করে বলেন, সারাদেশে জামায়াত ও ছাত্রশিবিরের ২৮২ জন নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। আহত হয়েছে ১১৯ জন। এরমধ্যে গুলিবিদ্ধ হয়েছে ২৫ জন। তিন জনকে এক বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী মৌলবাদীদের নিশ্চিহ্ন করার ঘোষণা দিয়ে কার্যত ইসলাম ও মুসলমানদের নিশ্চিহ্ন করার ঘোষণা দিয়েছেন। তিনি আরও বলেন, অতীতে কোন সরকারই ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে রেহাই পায়নি, এ সরকারও পাবে না। জনতার এ আন্দোলন কিছুতেই দমন করা যাবে না।
ব্লগারদের শাস্তি দাবি
জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এএইচএম হামিদুর রহমান আযাদ এমপি এক বিবৃতিতে বলেছেন, জনগণ নাস্তিক ব্লগারদের বিচার দাবি করা সত্ত্বেও সরকার তাদের অব্যাহতভাবে সমর্থন ও পৃষ্ঠপোষকতা করে দেশকে সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে। বিবৃতিতে তিনি ব্লগার আসিফ মহিউদ্দিনকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। -প্রেস বিজ্ঞপ্তি