বাংলাদেশের ইমেজ সংকট হয়নি
প্রকাশ : ০২ এপ্রিল ২০১৩, ২২:৩৩
পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক বলেছেন, সাম্প্রতিক সহিংস ঘটনাবলীতে বিদেশে বাংলাদেশের কোন ইমেজ সংকট হয়নি। গতকাল মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব একথা বলেন। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সৌদি আরবে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের ধর-পাকড় বা গ্রেফতারের আতঙ্ক অচিরেই দূর হবে। সৌদি সরকার এ ব্যাপারে আশ্বাস দিয়েছে। পররাষ্ট্র সচিব গতকাল দুপুরে সফররত ভুটানের পররাষ্ট্র সচিব ইয়াশি দর্জির সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা শেষে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন। তিনি জানান, সৌদি সরকার প্রতি দশজন শ্রমিকের মধ্যে নিজ দেশের একজন শ্রমিককে নিয়োগ দেয়ার কর্মসূচি বাস্তবায়ন করছে। এই কর্মসূচির ফলে কেবল বাংলাদেশি নয়, সৌদি আরবে কর্মরত স্বদেশের শ্রমিকদের ওপর প্রভাব পড়তে পারে। সরকার ঘনিষ্ঠভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছে। বর্তমানে সৌদি সরকারের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ঢাকা সফর করছে। তারা বাংলাদেশি শ্রমিকদের ভয় বা আতঙ্ক দূরসহ সার্বিক বিষয়ে ইতিবাচক উদ্যোগ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। সৌদি আরব বাংলাদেশ থেকে আরো দক্ষ শ্রমিক নিতে আগ্রহী। এজন্য প্রবাসী মন্ত্রণালয়ের সঙ্গে প্রতিনিধিদল আলোচনা করেছে। তারা চট্টগ্রাম ও কক্সবাজারও সফর করেছেন। সৌদি আরবের সঙ্গে ভাল ও ইতিবাচক সম্পর্কের কারণেই এটা হচ্ছে বলে পররাষ্ট্র সচিব জানান।
আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধির উদ্যোগ
ভুটানের পররাষ্ট্র সচিবের সঙ্গে দ্বিপাক্ষিক সব ইস্যু নিয়ে আলোচনা প্রসঙ্গে পররাষ্ট্র সচিব জানান, দক্ষিণ এশিয়ায় যোগাযোগ ও ব্যবসা-বাণিজ্য বাড়াতে ভুটানের সঙ্গে সহযোগিতা আরো বাড়ানো হবে। চলতি এপ্রিল মাসেই ভারত ও ভুটানের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে আঞ্চলিক ট্রানজিট ও কানেক্টিভিটি নিয়ে আলোচনা হবে। ভুটানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বহু পুরনো ও ঐতিহ্যবাহী। বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় ভুটান। দুইদেশের মধ্যে বছরে ৩০ মিলিয়ন মার্কিট ডলারের বাণিজ্য হয়। এর মধ্যে ২০ মিলিয়ন ডলারের পণ্য বাংলাদেশ রপ্তানি করে। এখন থেকে ঢাকা ও থিম্পুর মধ্যে নিয়মিত দ্বিপাক্ষিক আলোচনা হবে। এজন্য সমঝোতা স্মারক সই হয়েছে। সাংবাদিক সম্মেলনে অতিরিক্ত পররাষ্ট্র সচিব মো. মোস্তফা কামাল, বহিঃপ্রচার অনুবিভাগের মহাপরিচালক শামীম আহসান, দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক মাশফি বিনতে শামস ও ভুটানে বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ উপস্থিত ছিলেন।