গণমাধ্যমের গাড়ি পোড়ানোর প্রতিবাদে সাংবাদিক সমাবেশ কাল

গণমাধ্যমের গাড়ি পোড়ানো ও ভাঙচুরের প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। এদিকে বিএফইউজে ও ডিইউজে নেতৃবৃন্দ এক বিবৃতিতে বিএনপি অফিসের সামনে গত ১ এপ্রিল বিএনপি, জামায়াত-শিবিরের ক্যাডারদের দ্বারা এটিএন নিউজের গাড়ি পোড়ানো এবং মাছরাঙা, সময় ও বৈশাখী টেলিভিশনের গাড়ি ভাঙচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। গতকাল মঙ্গলবার বিএফইউজে’র সভাপতি ইকবাল সোবহান চৌধুরী ও মহাসচিব আব্দুল জলিল ভুঁইয়া, ডিইউজে’র সভাপতি ওমর ফারুক ও সাধারণ সম্পাদক শাবান মাহমুদ এক যুক্ত বিবৃতিতে বিএনপি ও জামায়াত-শিবিরের নেতৃবৃন্দের উদ্দেশে বলেন, আপনাদের কর্মি ও ক্যাডারদের সাংবাদিক ও গণমাধ্যমের গাড়িতে আক্রমণ বন্ধে নির্দেশ দিন। অন্যথায় সাংবাদিক সমাজ এই সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। বিবৃতিতে আগামীকালের প্রতিবাদ সমাবেশ সফল করতে সকল সাংবাদিকের প্রতি আহ্বান জানানো হয়েছে।