লং মার্চে পূর্ণ নৈতিক সমর্থন জানিয়েছে বিএনপি

মহানবী (সা.) ও ইসলাম অবমাননাকারী ‘নাস্তিক’ ব্লগারদের শাস্তিসহ ১৩ দফা দাবিতে আগামী শনিবার হেফাজতে ইসলামের ঢাকা অভিমুখী লংমার্চ কর্মসূচির প্রতি পূর্ণ নৈতিক সমর্থন জানিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি। ১৮ দলীয় জোটের সকাল-সন্ধ্যা হরতাল শেষের প্রাক্কালে গতকাল মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এই সমর্থনের কথা ঘোষণা করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৬ এপ্রিলের লংমার্চ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, পথভ্রষ্ট কিছু ব্লগার সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় বিশ্বাস ও অনুভূতিতে অশালীন ও কুরুচিকর পন্থায় আঘাত করছে, যা কাম্য নয়। এই আঘাত মানুষের ধর্মীয় স্বাধীনতার ওপরও হস্তক্ষেপ। এ বিষয়ে দেশের আলেম, ওলামা, পীর মাশায়েখরা উদ্বেগ জানিয়েছেন, তারা দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন। আমরা (বিএনপি) মনে করি তাদের এ দাবি ন্যায়সঙ্গত। তাই তাদের কর্মসূচির প্রতি আমরা সম্পূর্ণ নৈতিক সমর্থন জানাচ্ছি। তিনজন ব্লগারকে গ্রেপ্তার সম্পর্কে এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, তাদের কেন গ্রেপ্তার করা হয়েছে, তারাই প্রধান অভিযুক্ত ব্লগার কিনা, উদ্ভূত পরিস্থিতি সামাল দেয়ার জন্য তাদের গ্রেপ্তার করা হয়েছে কিনা, তা আমরা সঠিকভাবে জানি না। তিনি বলেন, বিএনপি কখনো ধর্মীয় স্পর্শকাতর বিষয় নিয়ে রাজনীতি করে না, করতেও চায় না। কিন্তু সরকার পথভ্রষ্ট ব্লগারদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে এই সংকটময় পরিস্থিতি সৃষ্টি করেছে।