আপন উঠোনে ফেরা
প্রকাশ : ০৩ এপ্রিল ২০১৩, ১৮:৪০
মিডিয়ায় তার শুরুটা হয়েছিল নাচ দিয়েই। পরে মডেলিং ও অভিনয়ে সমান পারদর্শিতা দেখিয়েছেন ফারজানা রিয়া। দীর্ঘদিন বিদেশে থেকে এবার দেশে এসেছেন স্থায়ীভাবে থাকার উদ্দেশ্যেই। আর এসেই ব্যস্ত হয়ে পড়েছেন মিডিয়ার কাজে। নাচ, মডেলিং ও অভিনয়ের বাইরে এবার উপস্থাপনাতেও দেখা গেছে তাকে। সম্প্রতি বিয়ে করে শুরু করেছেন সংসার জীবন। তার বর্তমান কাজ ও ভবিষ্যতের ভাবনা নিয়ে এবারের আয়োজন। লিখেছেন খালেদ আহমেদ
ছোটবেলা থেকেই নাচ শিখেছেন রিয়া। নাচে নিজেকে ঋদ্ধ করে পরে বুলবুল ললিতকলা একাডেমী (বাফা)-তে শিক্ষকতা করেছেন। নাচের তালিম দিতেন। দীর্ঘ ১২ বছর সম্পৃক্ত ছিলেন এখানে। নাচের পাশাপাশি মডেলিং ও সুন্দর অভিনয় দিয়ে ছোটপর্দায় নিজের শক্ত অবস্থান গড়েছিলেন ঠিকই। কিন্তু ২০০৮ সালে মিনহাজ নামের একজন বৈমানিককে বিয়ে করে রিয়া কাতার চলে যান। বিষয়টি ছিল যেন অভিনয়-মডেলিং-নাচ সব কিছু থেকে স্বেচ্ছা নির্বাসনে যাওয়া। সঙ্গী তার উড়ে বেড়ান আকাশজুড়ে, কাতার এয়ারলাইন্সের পাইলট তিনি। কাতারেই তারা সাজান সংসার। ‘ঢাকা টু কাতার’ আর ‘কাতার টু ঢাকা’, এভাবেই কেটে গেছে তিনটা বছর। যে স্বল্প সময়ের জন্য দেশে ফিরতেন, মিডিয়ার কাজে জড়ানো সম্ভব ছিল না।
শৈশব থেকে শোবিজে কাজ করা যার শখ ও নেশা, সব ছেড়ে মরুভূমির দেশে গিয়ে তার মন টিকে কী করে! তবু স্বামী-সংসার বলে কথা। রিয়ার তাই ছিল না করার কিছুই। আকাশে উড়ে বেড়ালেও স্ত্রীর প্রতি সমান মনোযোগী মিনহাজ। রিয়ার মনমরা ভাবটা তার দৃষ্টি এড়ায়নি। দেশে স্থায়ীভাবে ফেরার সিদ্ধান্ত নেন তার মুখের দিকে চেয়ে। চাইলেই তো তার পক্ষে মধ্যপ্রাচ্যকে ‘বাই বাই’ জানানো সম্ভব নয়। কর্মসূত্রের নানা বাধ্যবাধকতা আছে। রিয়া দেশে ফিরলেও তাই মিনহাজ কাতারেই থেকে যান। কেমন ছিলেন প্রবাসে? এই প্রশ্নের উত্তরে রিয়া বললেন, ‘মোটেও ভালো না। খুব একা একা লাগত। অপরিচিত পরিবেশ, মানুষ। নিজের দেশ যে কতটা আপন তা বিদেশে গিয়ে বুঝেছি। দেশে যখন ছিলাম তখন বুঝিনি, আমি দেশকে কতটা ভালোবাসি। আমি দেশকে অনেক ভালোবাসি।’ কাতারে কী অন্যকিছু করতেন? উত্তরে রিয়া বলেন, ‘না। সংসার নিয়েই ছিলাম। কাতারের দোহায় একটি স্কুলে আমার শিক্ষকতা করার কথা ছিল। কিন্তু শেষ পর্যস্ত আর করা হয়নি। এর আগেই দেশে স্থায়ীভাবে ফেরার সিদ্ধান্ত নিই।’ পরে দেশে ফিরে রিয়া মিনহাজকে ডিভোর্স দেন। দেশে ফিরে অভিনয় আর মডেলিংয়ের পাশাপাশি এবার রিয়া উপস্থাপনাতেও নিয়মিত হয়েছেন। তার উপস্থাপনায় বাংলাভিশনে প্রচার হচ্ছে রূপচর্চা বিষয়ক অনুষ্ঠান ‘সৌন্দর্য কথা’। উপস্থাপনা প্রসঙ্গে রিয়া বললেন, ‘আগেও আমি উপস্থাপনা করেছি। গত রোজার ঈদের ছুটিতে দেশে ফিরে বাংলাভিশনের একটি ফ্যাশন বিষয়ক অনুষ্ঠান উপস্থাপনা করেছিলাম। সেটিই ছিল আমার প্রথম কোনো টিভি অনুষ্ঠান উপস্থাপনা।
এবার আবার শুরু করলাম রূপচর্চা বিষয়ক অনুষ্ঠান উপস্থাপনার কাজ। নিয়মিত কোনো অনুষ্ঠান উপস্থাপনা করছি এবারই প্রথম।’ ‘সৌন্দর্য কথা’ অনুষ্ঠানটি উপস্থাপনা প্রসঙ্গে রিয়া বললেন, ‘বেশ মজাই লাগছে কাজটি করতে। অনেক অজানা তথ্য জানতে পারছি রূপচর্চার এই অনুষ্ঠানটি উপস্থাপনা করতে গিয়ে। বাইরে কোথাও না গিয়েও বাসায় বসে রূপচর্চার কাজটি যে খুব সহজে করা যায়, অনুষ্ঠানটির মাধ্যমে অনেকে তা জানতে পারছেন।
তবে মজার ব্যাপার হচ্ছে, জানতে পারলেও আমি নিজে সেটা কাজে লাগাতে পারছি না।’ উপস্থাপনা কঠিন হলেও নিজের মেধা, যোগ্যতা দিয়ে নিজেকে তারকার আসনে বসিয়েছেন। তার এই সাফল্যের পেছনের রহস্য কী জানতে চাইলে রিয়া বলেন, ‘আমি প্রতিটি কাজ ভালোবেসেই করি। সেই সাথে প্রতিটি মানুষকে সম্মান করি এবং সব সময় সময় মেইনটেইন করি। এই সব কিছুর সমন্বয়েই আমার আজকের এই অবস্থানে আসা।’ একজন উপস্থাপকের কি কি গুণ থাকতে হয়? জবাবে তিনি বলেন, ‘প্রথমেই প্রয়োজন হয় উপস্থিত বুদ্ধি। এরপর সঠিক উচ্চারণ ও প্রতিটি সেক্টরের বেসিক নজেল থাকতে হবে একজন উপস্থাপকের।’ শুধু উপস্থাপনা নয়, এবারে দেশে ফিরে রিয়া শুরু করেছেন টিভি নাটকে অভিনয় এবং মডেলিং। ‘নেকি’ নামের একটি নাটকের শুটিংয়ে রিয়া অংশ নিয়েছেন।
ওয়াহিদ আনামের পরিচালনায় নাটকটিতে তার সহশিল্পী থাকছেন নাঈম। এ ছাড়াও মোহন খানের পরিচালনায় নতুন একটি ধারাবাহিক নাটকেও অভিনয় করেন তিনি। ক্যারিয়ারের শুরুতে ‘পেইলাক পেইন্টস’, ‘হাঁসমার্কা নারিকেল তেল’, ‘মেরিল ভেসলিন’সহ বেশ কটি বিজ্ঞাপনে মডেল হয়ে দর্শকনন্দিত হয়েছেন রিয়া। এবার দেশে ফিরে নতুন একটি বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নিয়েছেন। একটি হোল্ডিং কোম্পানির এই বিজ্ঞাপনটির নির্মাতা আনজাম মাসুদ। বিজ্ঞাপনটির জিঙ্গেল করেছেন কণা। আইডিয়াল পর্যটন সিটির এই বিজ্ঞাপনে রিয়ার বিপরীতে মডেল হয়েছেন অভিনেতা শাহেদ শরীফ খান। রিয়া জানান, প্রায় ১০ বছর আগে শাহেদের সঙ্গে জুটি বেঁধে পেইলাক পেইন্টের বিজ্ঞাপনে তিনি মডেল হয়েছিলেন। দীর্ঘদিন পর আবার শাহেদের সঙ্গে বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নেওয়ার কাজটি তিনি বেশ উপভোগ করেছেন। এ ছাড়া কয়েকদিন আগে রিয়া ড্যানিশ ফুল ক্রিম মিল্ক পাউডার নামে আরেকটি নতুন বিজ্ঞাপনচিত্রে পারফর্ম করলেন। রানা মাসুদের নির্দেশনায় এই বিজ্ঞাপনচিত্রের শুটিং হয়েছে রাজধানীর উত্তরা ও তেজগাঁওয়ের বিভিন্ন লোকেশনে।
এই বিজ্ঞাপনচিত্র সম্পর্কে রিয়া বলেন, ‘একটি পরিবারের গল্প নিয়ে এই বিজ্ঞাপন। যেখানে দেখানো হয়েছে মায়েদের আস্থা ড্যানিশ ফুল ক্রিম মিল্ক পাউডার। সব মিলিয়ে বিজ্ঞাপনচিত্রটি বেশ মজার। আর কাজের অভিজ্ঞতাও অনেক ভালো। খুব শীঘ্রই বিজ্ঞাপনচিত্রটি বিভিন্ন চ্যানেলে প্রচার শুরু হবে।’
নাচ, মডেলিং ও অভিনয়ের মধ্যে কোনটি আপনার পছন্দের? এমন প্রশ্নের জবাবে রিয়া বলেন, ‘মডেলিং আমাকে চুম্বকের মত টানে আর নাচ হলো ভালোবাসা। অভিনয় ভালো লাগে। তবে সবচেয়ে পছন্দের হলো নাচ।’ তিনি আরো বলেন, ‘আমার কাজের পরিবারের থেকে অনেক উত্সাহ ও সহযোগিতা পেয়েছি। সেই জন্য আমি নিজেকে ভাগ্যবতী মনে করি। মা-বাবার সহযোগিতা ছাড়া মিডিয়াতে কাজ করা অনেক কষ্ট।’
কিছুদিন আগে পারিবারিকভাবে বিয়ে করেন রিয়া। বর ইভান চৌধুরী যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি প্রতিষ্ঠানে একজন সফটওয়্যার প্রকৌশলী হিসেবে কর্মরত। তার গ্রামের বাড়ি মানিকগঞ্জ। এ সম্পর্কে রিয়া বলেন, ‘আমার প্রথম বর মিনহাজের সঙ্গে বোঝাপড়ায় কিছুটা সমস্যা হচ্ছিল বলে গত এক বছর ধরে আমরা দুজন আলাদা থাকছিলাম। এরপর এ বছরের জানুয়ারি মাসে আনুষ্ঠানিকভাবে দুজনের সম্পর্কের ইতি ঘটেছে এবং ইভানের সঙ্গে বিয়ের ব্যাপারটি পুরোপুরিভাবে আমার পরিবার থেকে ঠিক করা হয়েছে। এ ছাড়া ইভানের খালা নৃত্যশিল্পী রহিজা খানম ঝুনুর সঙ্গে আমাদের পরিবারের সম্পর্ক আছে অনেক দিন ধরে। তার সঙ্গে আমার চেনাজানাও অনেক দিন ধরে। তবে বিয়েটা হঠাত্ করেই।’ ইভান সম্পর্কে রিয়া বলেন, ‘সে খুব আন্তরিক। আমি সবার কাছে শুধু দোয়া চাই, যেন আমরা ভালোভাবে থাকতে পারি।’
সম্প্রতি অনুষ্ঠিত বাংলাভিশনের আয়োজনে নাচ বিষয়ক রিয়েলিটি শো ‘ম্যাঙ্গলি নাচো বাংলাদেশ নাচো’-এর বিচারক হিসেবে রিয়া দায়িত্ব পালন করেন। সেইসাথে নাচের আরও বেশ কিছু অনুষ্ঠান নিয়ে ব্যস্ত সময় কাটছে তার। আসছে বৈশাখে তিনি একটি অনুষ্ঠানে যোগ দিয়ে কাতার যাবেন। সেখান থেকে ফিরে আমেরিকা যাবেন নতুন জীবনসঙ্গীর কাছে। কিছুদিন থেকে দেশে ফিরে আবারও পুরোদমে মিডিয়ার কাজ শুরু করবেন বলে জানালেন তিনি। দীর্ঘদিন পর হলেও রিয়া আপন বলয়ে ফিরতে পেরেছেন বলে মিডিয়ায় তার শুভাকাঙ্ক্ষীরা সবাই ভীষণ খুশি। ভবিষ্যত স্বপ্নের কথা জানতে চাইলে রিয়া মৃদু হেসে বলেন, ‘আসলে স্বপ্ন তো সময়ের সাথে সাথে চেঞ্জ হয়। মডেলিং ও নাচ নিয়েই আগামীতে থাকতে চাই। আর নাচ বিষয়ক ভিন্নধর্মী অনুষ্ঠান নির্মাণের ইচ্ছা আছে।’