তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা
তাড়াশে পলাশী-মনোহরপুর গ্রামীণ সড়কের একটি ব্রিজের মুখে ‘পুকুর খনন করে’ বালু উত্তোলনের মাধ্যমে ওই সড়ক সংস্কারের অভিযোগ পাওয়া গেছে। এতে ব্রিজসহ আশপাশের ফসলি জমি হুমকির মুখে পড়ায় আশঙ্কা করছে স্থানীয়রা। সরেজমিনে দেখা গেছে, ব্রিজের অতি নিকটেই খনন যন্ত্র দিয়ে বালু উত্তোলন করে গভীর পুকুরের মতো করা হয়েছে। আর ব্রিজের মুখেই মাটি দিয়ে পুকুরের পাড় বাঁধা হয়েছে।
স্থানীয় বাসিন্দা জহুরুল ইসলাম, খয়বর তালুকদার, সুলতান মাহমুদ, সবের আলী, নাছিমা খাতুন, জুলেখা পারভিন জানান, বালু উত্তোলন করায় ব্রিজটি নিশ্চিত ক্ষতির মুখে পড়বে। তাছাড়া ব্রিজের মুখে মাটি ফেলে পানি প্রবাহের পথে বাধা দেওয়ায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়ে বাড়বে জনদুর্ভোগ। অসময়ে জলাবদ্ধতার কবলে পড়বে মনোহরপুর উত্তর মাঠের হাজারো কৃষকের ফসলি জমি। যার ওপর তাদের খেয়ে-পরে বেঁচে থাকা নির্ভর করছে। তারা শিগগিরই পুকুরটি মাটি দিয়ে ভরাট করে দেওয়ার জন্য জোর দাবি জানান।
ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স পদ্মা কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী মো. লাকি বলেন, ‘প্রয়োজনে বালু উত্তোলন বন্ধ রাখা হবে। তবে পুকুরটি পুনরায় মাটি দিয়ে ভরাট করা সম্ভব নয়।’ এ প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওবায়দুল্লাহ বলেন, ‘অবৈধ বালু উত্তোলন বন্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’