ব্যান্ডবাদ্যি
বন্ধুদের গান
প্রকাশ : ০৩ এপ্রিল ২০১৩, ১৮:৫৯
রক রাজ্যে তারুণ্যের ঢল নতুন নয়। বরং দলে দলে যোগ হয় নতুন নতুন নাম। এমনই একটি সম্ভাবনাময় দল পিএনএফ। যারা অচিরেই তাদের নতুন অ্যালবাম নিয়ে হাজির হচ্ছেন শ্রোতাদের সামনে। এ দলটি ও তাদের অ্যালবামের আগাম খবর নিয়ে লিখেছেন মুহম্মদ কবীর
বন্ধুর জন্য গান, বন্ধুদের নিয়ে গান—এটাই তাদের মিউজিক্যাল ফিলোসফি। গানের সাথে তাদের বন্ধুত্ব অনেক পুরোনো। এই গানের হাত ধরেই তাদের মাঝে বন্ধুত্বের জন্ম। তাই এই বন্ধুত্বকে পুঁজি করেই তারা গড়ে তুললেন ব্যান্ড দল।
এই বন্ধুত্বের চিহ্ন দলটির নামের মাঝেও খুঁজে পাওয়া যায়। পিএনএফ—যার মানে পলাশ অ্যান্ড ফ্রেন্ডস। আসলে এই নামের মাঝেই লুকিয়ে আছে তাদের জন্ম ইতিহাস। পলাশ আপাদমস্তক একজন গানের লোক। গানের পথে হাঁটতে গিয়েই তার পরিচয় হয় আরও কিছু গানপাগল মানুষের সাথে। এই পরিচয় বন্ধুত্বে গড়ায়। এই বন্ধুদের ঘুরে বেড়ানোয় আড্ডায় কথাবার্তায় জগতের হাজারো বিষয় ঘুরপাক খেতো। তবে কমন ছিল একটি বিষয়—গান। পলাশ তখন একটি গানের দল করার ডাক দেন। আর তার আহ্বানে সাড়া দিয়ে গড়ে ওঠে পিএনএফ। এ কারণেই দলের নামে পলাশের নামটি রয়েছে। মূলত দলের সবাই মিলে নামের মাঝেই দলের ইতিহাসটাকে তুলে ধরতে চেয়েছেন।
শুধু নামে নয়, কর্মেও নিজেদের পরিচয়কে প্রমাণ করতে চান তারা। আর এ কারণেই চলছে অবিরাম গানের প্র্যাকটিস। মাস তিনেকের মধ্যেই পিএনএফ তাদের প্রথম অ্যালবামটি প্রকাশ করতে চাচ্ছে। এ কারণেই এখন দলের সবার কোমর বাঁধা—সারাদিন গান তৈরিতেই ব্যস্ত তারা। কী ধরনের গান করছে পিএনএফ জানতে চাইলে তারা বলেন, ‘আমরা নতুন কিছু করতে চাই। গানের নির্দিষ্ট কোনো ধারা বা গণ্ডিতে নিজেদের আটকে রাখতে চাই না। সব ধরনের গানের প্রতি আমাদের দারুণ বেসামাল লোভ। তাই আমাদের অ্যালবামে শ্রোতারা নানারকম গানের স্বাদ পাবেন। আমরা সেই চেষ্টাই করছি।’ এরই মাঝে পিএনএফ তাদের প্রকাশিতব্য অ্যালবামের জন্য পাঁচটি গান তৈরি করেছে। গানগুলোর গীতিকার হলেন রবিউল ইসলাম জীবন ও পলাশ। যে গানগুলো তৈরির অপেক্ষায় সেগুলো নিয়েই এখন চলছে পিএনএফের চিন্তাভাবনা।
পিএনএফের ভবিষ্যত্ ভাবনাও আবর্তিত হয় গানকে কেন্দ্র করে। তারা জানালেন তাদের দলের উত্স যেহেতু গান তাই বিস্তারও গান নিয়েই হবে। সেই সূত্রে দলের অন্যতম সদস্য পলাশ জানালেন, আপাতত অ্যালবামের পাশাপাশি তাদের ব্যস্ততা বিভিন্ন টিভি লাইভ ও কনসার্ট নিয়ে। আর এই প্রোগ্রামগুলো তাদের কাছে লিটমাস পেপারের মতো। কারণ এখানেই শ্রোতাদের প্রতিক্রিয়া সরাসরি পাওয়া যায়। এই পরীক্ষায় পিএনএফ ইতিবাচক ফলাফলই পেয়েছে। তাদের গানগুলোয় শ্রোতারা পজেটিভ সাড়া দিয়েছে। এটাই তাদের অনুপ্রেরণা। একই সাথে শ্রোতাদের প্রত্যাশা মেটানোরও দায় তাদের উপর বর্তেছে বলে জানালো পিএনএফ। আমরাও আশা করি পিএনএফ আমাদের ব্যান্ডের ইতিহাসকে তাদের গান দিয়ে সমৃদ্ধ করবে।
পিএনএফের বর্তমান লাইনআপ—পলাশ (ভোকাল অ্যান্ড ভেরিয়াস ইন্সট্রুমেন্ট), পিয়াস (লিড গিটার), ফয়সাল (বেজ গিটার), অ্যামি (কিবোর্ড) ও তানভির (ড্রামস)।