স্টাফ রিপোর্টার, বগুড়া
এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তিতে বগুড়া এবারও রাজশাহী শিক্ষা বোর্ডে প্রথম স্থান দখল করেছে। গত বছরের তুলনায় জেলায় পাসের হারও বেড়েছে। তবে বরাবরের মতো ছেলেদের চেয়ে মেয়েদেরই পাসের হার বেশি। অন্যদিকে পরীক্ষার্থীর সংখ্যা অনুপাতে জিপিএ-৫ প্রাপ্তিতে জেলায় শীর্ষস্থান দখল করেছে বগুড়া জিলা স্কুল।
এ বছর এসএসসি পরীক্ষায় বগুড়ার ৪৬৩টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ৩৫হাজার ১৯জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্যে ১৮হাজার ৫৬৯জন ছেলে এবং ১৬ হাজার ৪৫০জন মেয়ে পরীক্ষার্থী। পরীক্ষার্থীদের মধ্যে ৯২ দশমিক ১৪ শতাংশ উত্তীর্ণ হয়েছে।
ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে এবারও রাজশাহী শিক্ষা বোর্ডে প্রথম স্থান ধরে রেখেছে বগুড়ার শিক্ষার্থীরা। এবার বগুড়া থেকে সর্বোচ্চ ৫হাজার ১৮৬জন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ প্রাপ্তিতে ২০১৬ সাল থেকেই বগুড়া বোর্ডে শীর্ষস্থান দখল করে আছে।
বগুড়া ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজের ২৬৬ জন জিপিএ-৫ পেয়েছে
২০১৯ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় রাজশাহী বোর্ডের বগুড়া ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজে ২৬৬ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এখানে বিজ্ঞান বিভাগ থেকে ২৭৮ জন এবং ব্যবসা শিক্ষা বিভাগ থেকে দুজনসহ মোট ২৮০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
একই প্রতিষ্ঠান থেকে ২০১৬ সালে ৩৩১ জন এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ২৮২ জন জিপিএ-৫, ২০১৭ সালে ৩৬৭ জন অংশ নিয়ে ৩১৯ জন জিপিএ-৫ এবং ১৯০১৮ সালে ৩৯৯ জন অংশ নিয়ে ৩৮৪ জন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ কর্নেল মোহাম্মদ সলমন ইবনে এ রউফ জানান, প্রতিষ্ঠানের নিয়ম-শৃঙ্খলা, শিক্ষক ও অভিভাবকদের একাগ্রতা এবং প্রচেষ্টায় এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে।