সূচক বাড়লেও লেনদেনে গতি নেই
প্রকাশ : ০৩ এপ্রিল ২০১৩, ২০:১৫
রাজনৈতিক অস্থিরতায় টানা দরপতনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক সাড়ে তিন হাজারের নেমে গেলেও গত দুইদিনে কিছুটা উঠে এসেছে। গতকাল বুধবার ডিএসই’র সূচক ২২ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৫২৬ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচক কিছুটা বাড়লেও লেনদেন খুব একটা না বাড়ায় বিনিয়োগকারীরা আশাবাদী হতে পারছেন না। তবে সূচক বাড়াকে ইতিবাচকভাবেই দেখছেন।
গতকাল ডিএসইর সাধারণ মূল্যসূচক ১৮ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৬৭৩ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই-৩০ মূল্যসূচক বেড়েছে ৬ পয়েন্ট। এদিন ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১৪৫ কোটি ৯৫ লাখ ৩৯ হাজার ২৪১ টাকা। যা আগের দিনের চেয়ে ১৫ কোটি ৪৫ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ২৬৭ টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১৮১ টির, কমেছে ৬৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩ টি কোম্পানির শেয়ারের।
এদিকে গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক ৬১ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৯৭৬ পয়েন্টে দাঁড়িয়েছে। আর সিএসই-৩০ মূল্য সূচক বেড়েছে ৫৩ পয়েন্ট। মোট লেনদেন হয়েছে ২০ কোটি ৪৩ লাখ ৪৯ হাজার ৪৯৭ টাকা। লেনদেনকৃত ১৭৫ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৬টির, কমেছে ৫২টির আর অপরিবর্তিত ছিল ১৭টি কোম্পানির শেয়ারের দর।
আইডিএলসি’র দৈনন্দিন বাজার বিশ্লেষণে দেখা গেছে, গতকাল বাজারে লেনদেনের ক্ষেত্রে নতুন যুক্ত হওয়া কোম্পানিগুলো প্রাধান্য পেয়েছে। এর মধ্যে রয়েছে ওরিয়ন ফার্মা, প্রিমিয়ার সিমেন্ট এবং সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি। এ কোম্পানিগুলোর মোট লেনদেন ছিল বাজারের মোট লেনদেনের সাড়ে ২১ শতাংশ। এদিকে গতকাল নন ব্যাংক আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলো দাম বৃদ্ধির শীর্ষে ছিল। আর দাম কমার দিক থেকে এগিয়ে ছিল সাধারণ বীমা খাতের কোম্পানিগুলো।