আগামীকাল মাইমোড্রামা ‘জাদুর প্রদীপ’

সর্বকালের শ্রেষ্ঠ মূকাভিনেতা হিসেবে বিবেচিত মাস্টার অব মাইম মার্সেল মার্সোর ৯০তম জন্মবার্ষিকী ও ‘বিশ্ব মূকাভিনয় দিবস’ স্মরণে স্বপ্নদলের মাইমোড্রামা ‘জাদুর প্রদীপ’-এর বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে আগামীকাল সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে। ‘আরব্য রজনী’র অমর গাথা ‘আলাদিনের আশ্চর্য প্রদীপ’ অবলম্বনে নির্মিত ব্যতিক্রমী প্রযোজনা এ মাইমোড্রামার কাহিনী-পুনর্বিন্যাস ও নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। ‘আলাদিনের আশ্চর্য প্রদীপ’ কাহিনীটি সুপরিচিত হলেও মাইমোড্রামা হিসেবে উপস্থাপনের জন্যে ‘জাদুর প্রদীপ’-এ এটিকে নতুনভাবে বিন্যাস করা হয়েছে। অশুভ শক্তির বিরুদ্ধে শুভ ও কল্যাণপ্রদ শক্তির বিজয়ই এ মাইমোড্রামার মূল সুর। ‘জাদুর প্রদীপ’ মাইমোড্রামায় অভিনয় করছেন—সুকন্যা, মনির, রেজাউল, আল-আমিন, শাহীন, সোনালী, সামাদ, শিশির, ইমন, রাকিব, শরীফ, মোস্তাফিজ, শাওন, মনি, আলো, মাধুরী, নাবলু, মাসুদ, জাহিদ প্রমুখ।