বিলাওয়াল দেশে ফিরলেন দলের নির্বাচনী প্রচারে নেতৃত্ব দেবেন না
প্রকাশ : ০৩ এপ্রিল ২০১৩, ২০:৪০
পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো দেশে ফিরেছেন। তবে দেশে ফিরলেও তিনি দলের নির্বাচনী প্রচারে নেতৃত্ব দেবেন না। এক সপ্তাহ দুবাইয়ে অবস্থান শেষে সোমবার রাতে তিনি দেশে আসেন। এদিকে দেশটির তত্ত্বাবধায়ক সরকারের ১৫ মন্ত্রীর নাম ঘোষণা করা হলেও ১৪ জন গতকাল মঙ্গলবার শপথ নিয়েছেন। এছাড়া দেশটির সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ আগামী নির্বাচন সেনাবাহিনীর পর্যবেক্ষণ করার পক্ষে মত দিয়েছেন। খবর ডন ও টাইমস অব ইন্ডিয়ার।
পিপিপির এক নেতা জানিয়েছেন, আগামীকাল বুধবার বিলাওয়াল তার দাদা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে লারকানার অনুষ্ঠানে অংশ নেবেন। এই কয়দিন তিনি করাচিতে অবস্থান করতে পারেন।