পাট নিয়ে বিপাকে মেহেরপুরের চাষিরা
প্রকাশ : ০৩ এপ্রিল ২০১৩, ২১:১১
মেহেরপুরের পাট চাষিরা পাট নিয়ে বিপাকে পড়েছে। গত বছর উত্পাদিত পাট এখনো বেচতে না পেরে অনেক চাষির মাথায় হাত। জানা গেছে, পাটের ন্যায্য মূল্য পাবার আশায় অনেকে তাদের পাট মজুত করে রাখে। কিন্তু পাটের মূল্য বৃদ্ধি না পাওয়ায় চাষিরা তাদের পাট বিক্রি করতে পারছে না। অনেক চাষি বাকিতে পাট বিক্রি করলেও টাকা না পেয়ে আড়তদারদের দ্বারে দ্বারে ঘুরছে। অনেকে আবার অন্য জেলায় নিয়ে পাট বিক্রি করার চেষ্টা করছে। এদিকে আবারও পাটের মৌসুম শুরু হতে চলেছে। গতবারের পাট নিয়ে এমনিতেই চাষিরা নাকানি চুবানি খেয়েছে। এ অবস্থায় আসন্ন মৌসুমে পাট চাষের লক্ষ্যমাত্রা পূরণ হবে কি না এনিয়ে যথেষ্ট সন্দেহ দেখা দিয়েছে। চাষিরা জানায়, বর্তমানে ৯শ’ ৫০ টাকা থেকে ১ হাজার টাকা মণ দরে পাট বিক্রি হচ্ছে। যা খরচের তুলনায় অনেক কম।