রায়পুরার কয়েকটি গ্রাম ঝড়ে লণ্ডভণ্ড

রায়পুরা উপজেলার বিভিন্ন স্থানে ঝড়ে অন্তত ৫টি গ্রাম লণ্ডভণ্ড হয়ে গেছে। এতে স্কুল ঘরসহ দুই শতাধিক কাঁচা-পাকা ঘর-বাড়ি ভেঙ্গে গেছে। আহত হয়েছে অন্তত অর্ধশত। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যা সাতটায়। সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার পলাশতলী ইউনিয়নের টকিপুরা, টকিপুরা মধ্যপাড়া, দক্ষিণপাড়া, খাকচক, মেথিকান্দা, তুলাতলী গ্রামসহ ৫/৬ গ্রাম ঝড়ের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে। বরচর বিবিএল উচ্চ বিদ্যালয়ের একমাত্র টিনের ঘরসহ উল্লেখিত এলাকার অন্তত দুইশত কাঁচা-পাকা ঘর-বাড়ি ভেঙ্গে চুরমার হয়ে গেছে, সেইসাথে একটি পোল্ট্রিফার্মের ঘর ভেঙ্গে যাওয়ায় প্রায় এক হাজার মুরগির বাচ্চা মারা যায়। ফলে খোলা আকাশের নিচে বসবাস করছে এসব এলাকার হাজারো মানুষ। এদিকে বরচর বিবিএল বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস চলছে খোলা আকাশের নিচে। টকিপুরা গ্রামের মিমতাজ উদ্দিন বলেন, এত বড় ঝড় বিগত ৫০বছরেও দেখিনি। মিনিটের মধ্যেই লণ্ডভণ্ড করে দিল পুরো গ্রাম।